কৃত্রিম সুন্দরবন ও বেঙ্গল টাইগার দেখে ইচ্ছে পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশ্রী দাস ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে ‘ছবির গল্প সুন্দরবন’ নামে একটি বিষয় ছিল। সুন্দরবন সম্পর্কে সে বর্ণনা তার মনে সুন্দরবন দেখার ইচ্ছে জাগিয়ে তোলে। কিন্তু দেখা হয়ে ওঠেনি। তবে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে টাইগার ক্যারাভানে কৃত্রিম সুন্দরবন, বেঙ্গল টাইগারসহ নানা জীবজন্তু দেখে ওর সে ইচ্ছে অনেকটা পূরণ হয়েছে।
‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ স্লোগান সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বন্য প্রাণীবিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের তত্ত্বাবধানে টাইগার ক্যারাভানটি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে। গতকাল ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টাইগার ক্যারাভান প্রদর্শন করা হয়।
ক্যারাভানের গাড়িটি রয়েল বেঙ্গল টাইগারের আদলে তৈরি। দরজা খুলে ভেতরে ঢুকলেই চোখে পড়ে সুন্দরবন। সুন্দরীসহ বিভিন্ন গাছপালায় ভরপুর ওই বনে স্থান পেয়েছে বাঘ, হরিণ, কুমির ও বানর। দর্শনার্থীদের জন্য ক্যারাভানে এসব কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর পথনাটক প্রদর্শনের মাধ্যমে সুন্দরবনে বাঘ সুরক্ষার কথা জানাচ্ছেন ওই টিমের সদস্যরা।
সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওয়ালিদ আহমেদ বলে, ইচ্ছা থাকলেও সুন্দরবন দেখা হয়নি। টাইগার ক্যারাভান প্রদর্শনের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে একটা ধারণা পেলাম।
বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাজিন আহমেদ বলেন, ‘টাইগার ক্যারাভান প্রদর্শন দেখে বুঝলাম আমাদের জাতীয় পশু দিন দিন কমে যাচ্ছে। বাঘ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।’
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন, এ ধরনের প্রচারণা বাঘ সুরক্ষায় ভূমিকা রাখবে।