কৃত্রিম হাতে লেখে শিশু রবিউল
সৎবাবা জাহাঙ্গীর হোসেনের কাছে চিপস চেয়েছিল শিশু রবিউল ইসলাম ওরফে শান্ত। কিন্তু পাষণ্ড জাহাঙ্গীর চিপস না দিয়ে শিশুটির দুটি হাতই কেটে নিয়েছিলেন। ঘটনাটি ২০১৩ সালের ফেব্রুয়ারির। পরে শিশুটির শরীরে দুটি কৃত্রিম হাত সংযোজন করা হয়েছে। এখন বিদ্যালয়ে ভর্তি হয়ে সেই হাতেই লিখছে সে।
রবিউল (৮) ফরিদপুর সদরের বাখুন্ডা এলাকার শরীফ আবদুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। গত মাসে তাকে ওই বিদ্যালয়ে ভর্তি করা হয়। ২৮ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, দুরন্ত স্বভাবের হলেও পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ রবিউলের। জিৎ বিশ্বাস, শাওন শেখ, পুষ্পিতা বিশ্বাস, শাকিল ব্যাপারী, মাসুদ রানাসহ সহপাঠীরা রবিউলকে সব সময় সহযোগিতা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা সুরাইয়া বলেন, ‘রবিউল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হওয়ায় আমরা তার প্রতি বেশি নজর দিই।’
রবিউল ইসলামের মা নাসিমা বেগম রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে থাকেন। তিনি বাসাবাড়িতে কাজ করেন। রবিউলের সৎবাবা জাহাঙ্গীর হোসেন হোটেল কর্মচারী ছিলেন। নাসিমার প্রথম স্বামী মো. কামাল ছিলেন গুলশান এলাকার একটি বাসার নিরাপত্তাপ্রহরী।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের একদিন চিপস খেতে চাওয়ায় রবিউলের দুটি হাত কেটে নেন জাহাঙ্গীর। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রবিউলকে উদ্ধার করে ভর্তি করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ২৮ ফেব্রুয়ারি এ নিয়ে একটি জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ খবর পড়েন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা রোকসানা কামার। তিনি ১৬ মার্চ রবিউলকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করান।
২১ মার্চ বনানী থানায় স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেন নাসিমা। মামলাটি বিচারাধীন। জাহাঙ্গীর এখন কারাগারে।
রোকসানা কামার বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবির শিশু রবিউলকে বিদেশে নিয়ে হাত লাগানোর অনুমতি দেন। ওই বছরই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইন্টারন্যাশনাল চাইল্ড হসপিটালে নিয়ে রবিউলের চিকিৎসা করানো হয়।
রোকসানার বাড়ি ফরিদপুরের বাখুন্ডা এলাকায়। রবিউল বর্তমানে রোকসানার বাড়িতে তাঁর তিন ছেলেমেয়ের সঙ্গে বড় হচ্ছে। রবিউল বলে, ‘আমি পড়াশোনা করে বড় অফিসার হব। আমার সৎবাবা আমার দুই হাত কেটে ফেলেছে।’ রবিউলের মা নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘ছেলের সুখই আমার সুখ। তবে আমি জাহাঙ্গীরের বিচার চাই।’