কৃত্রিম হ্রদে পানিবন্দী ১৫০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম হ্রদের পানিতে বন্দী হয়ে পড়েছে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরের দেড় শতাধিক পরিবার। হ্রদের ওপর একটি সেতুর অভাবে যাতায়াতে কয়েক বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।এলাকাবাসী জানান, ইছামতী নদীর ভাঙন থেকে কাউখালী উপজেলা সদর রক্ষা করতে সরকার প্রায় দুই দশক আগে ইউ-আকৃতির ৩০০ মিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করে। প্রতিবছর বর্ষায় পাহাড় বেয়ে নেমে আসা জলরাশি বাঁধের ভেতর জমে থাকে। এতে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। এর চারপাশে দেড় শতাধিক পরিবারের বাড়িঘর রয়েছে। তারা সারা বছরই পানিবন্দী থাকে।কাউখালী উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গত ১৯৯২-৯৩ অর্থবছরে বাঁধটি নির্মাণ করে। এর পর থেকে হ্রদের চারপাশে থাকা পরিবারগুলোর নৌকায় যাতায়াত শুরু। ছয় থেকে সাত বছর তারা চাঁদা তুলে হ্রদে ৫০ মিটার দীর্ঘ কাঠের সেতু তৈরি করে, যা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতি মাসে পাঁচ থেকে ছয়টি দুর্ঘটনা ঘটে। স্থানীয় পাড়ার সরদার উক্যজাই কারবারি, স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া ও আবদুল মোতালেব জানান, বিভিন্ন সরকারের আমলে হ্রদের ওপর সেতুটি পাকা করার জন্য তদবির করে আসছেন তাঁরা। অথচ এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষোভ প্রকাশ করে তাঁরা আরও জানান, উপজেলার অনেক স্থানে প্রয়োজন ছাড়াই ২০ থেকে ২২ লাখ টাকা খরচ করে ব্যক্তিবিশেষের জন্য সেতু তৈরি করা হয়েছে, যা দিয়ে দৈনিক ১০ জন লোকও চলাচল করে কি না, সন্দেহ আছে। অথচ হ্রদের চারপাশে থাকা প্রায় ৯০০ জনের চলাচলের জন্য কারও কোনো মাথাব্যথা নেই। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচাপ্রু মারমা বলেন, ‘সেতু নির্মাণের জন্য পার্বত্য জেলা পরিষদ বা স্থানীয় সরকার অধিদপ্তর দ্রুত পদক্ষেপ নিতে পারে। এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছুই নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল বরণ সাহা প্রথম আলোকে বলেন, ‘হ্রদের ওপর একটি সেতু নির্মাণ করা জরুরি। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু আমাদের কাছে ১২ মিটারের বেশি সেতু নির্মাণের অনুমতি না থাকায় এবং ব্যয়বহুল হওয়ায় তা করা সম্ভব হচ্ছে না।’