কৃমিনাশক বড়ি খেয়ে শিশুরা অসুস্থ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃমিনাশক বড়ি খেয়ে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সাময়িক অসুস্থ হয়ে পড়ে কয়েক শ শিশু। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এ রকম কয়েকজন শিশুকে l প্রথম আলো
কৃমিনাশক বড়ি খেয়ে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সাময়িক অসুস্থ হয়ে পড়ে কয়েক শ শিশু। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এ রকম কয়েকজন শিশুকে l প্রথম আলো

কৃমিনাশক সেবন সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল রোববার কৃমিনাশক বড়ি খেয়ে পাঁচ জেলায় দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মাগুরা, নড়াইল ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে গত শনিবার ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা ও গাজীপুরে কৃমিনাশক বড়ি খেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা শিশুদের অসুস্থ হওয়ার ঘটনাকে গণমনস্তাত্ত্বিক রোগ (মাস সাইকোজেনিক ইলনেস) বলছে। তাদের দাবি, বেলজিয়াম থেকে আনা এই কৃমিনাশক বড়ি সম্পূর্ণ নিরাপদ।

রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা প্রথম আলোকে বলেন, অধিকাংশ শিশু এক-দুই ঘণ্টা হাসপাতালে থেকে সুস্থ হয়ে ফিরে গেছে। তিন-চারটি শিশু কেবল রাতে হাসপাতালে ছিল। কোনো শিশুকেই চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা হাসপাতালে রাখার দরকার হয়নি।

গতকাল রোগ নিয়ন্ত্রণ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনি ও রোববার কয়েকটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আক্রান্তদের অধিকাংশ ছিল ছাত্রী। সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনরা জানিয়েছেন, গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয় শিক্ষার্থীরা। কৃমিনাশক বড়িতে গুরুতর স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিনা সংকোচে এই বড়ি শিশুদের খাওয়াতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ‘কৃমিনাশক সেবা সপ্তাহ’ পালন করছে। ১ থেকে ৬ এপ্রিল ৫ থেকে ১৫ বছর বয়সী দেশের প্রায় ৪ কোটি শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর কথা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃমিনাশক ভরা পেটে খেতে হবে। শারীরিক পরিশ্রমের পর বড়ি খাওয়া যাবে না।

গতকাল সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৭৫ শিক্ষার্থী কৃমিনাশক বড়ি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে কার্পাসডাঙ্গা বালিকা মাদ্রাসা, পীরপুরকুল্লা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় বলদিয়া জামিয়া মাদ্রাসা, হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দহুদা ব্র্যাক উপানুষ্ঠানিক বিদ্যালয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল বলেন, কৃমিনাশক বড়ি খেলে সাধারণত মাথা ঘোরা ও বমি বমি ভাব হওয়া স্বাভাবিক।

গোপালগঞ্জে কৃমিনাশক বড়ি খেয়ে ২৫ শিশু অসুস্থ হয়ে পড়ে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জের সিভিল সার্জন শফিকুল আলম চৌধুরী বলেন, খালি পেটে ওষুধ সেবন ও অসচেতনতার কারণে সাময়িক এ ধরনের সমস্যা দেখা দিয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ জন শিক্ষার্থী কৃমিনাশক বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এই বড়ি খেয়ে নড়াইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন শিশুশিক্ষার্থী অসুস্থ হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। কৃমিনাশক বড়ি খেয়ে অসুস্থ হয়ে গতকালও মাগুরা সদর হাসপাতালে ৪৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে।

শনিবার ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে কৃমিনাশক বড়ি খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে চার শিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ। এ নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা গতকাল শহরে প্রতিবাদ সমাবেশ করেছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শিক্ষকদের নিরাপত্তার জন্যই তাঁদের থানায় আনার পর ছেড়ে দেওয়া হয়।