কৃষক উন্নয়ন সংঘ ও কৃষি পাঠাগারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় সমন্বিত কৃষক উন্নয়ন সংঘ ও কৃষি পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে গতকাল শনিবার প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার।
আয়োজক ব্যক্তিরা বলছেন, কৃষকদের নিয়ে এ ধরনের সংঘ দেশে এটাই প্রথম। সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক বশির আহমেদ জানান, গাড়াবাড়িয়া গ্রামের ৩০০ কৃষক ও ৩০০ কিষানি নিয়ে এই সংঘ যাত্রা শুরু করেছে। এ ছাড়া কৃষি পাঠাগারে কৃষিবিষয়ক বই, প্রচারপত্রসহ নিয়মিত প্রকাশনা ও স্থানীয় সংবাদপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। নিরক্ষর লোকজনের জন্য এই পাঠাগারে সন্ধ্যাকালীন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে এবং মুঠোফোনে কৃষিসেবা দেওয়া হচ্ছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে বেলা ১১টায় কৃষক সমাবেশ হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চণ্ডীদাস কণ্ডু, চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর প্রমুখ বক্তব্য দেন।