কৃষক ও যুব সংগঠনের উদ্যোগে দেড় কিলোমিটার খাল খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার চাপুর বিল ভরাট হয়ে যাওয়া খাল প্রথমবারের মতো খনন করা হচ্ছে। তেলিগাতি ইউনিয়নের চারটি কৃষক ও যুব সংগঠনের উদ্যোগে চারটি গ্রামের শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রম ও অর্থ দিয়ে খননকাজ শুরু করেন। চার-পাঁচ দিন আগে খননকাজ শুরু হলেও গতকাল মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা। তাঁরা হলেন তেলিগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল হেকিম (৭০), আবদুল হান্নান (৬৭), লেহাজ মিয়া (৬৫) প্রমুখ। এ সময় কয়েক শ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চাপুর বিলের পাড়ে দিয়ারা, আমাটি, মঙ্গলসিদ্ধ ও শ্রীরামপুর গ্রামের প্রায় ১০০ জন কৃষকের এক হাজার ৩২৫ কাঠা জমি রয়েছে। কিন্তু খালটি ভরাট হয়ে যাওয়ায় রোপা আমন ও বোরো ধান কাটার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে দীর্ঘদিন ধরে ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে প্রায় দেড় কিলোমিটার খাল খননের আবেদন করেও কোনো ফল পাচ্ছিলেন না তাঁরা।
একপর্যায়ে শ্রীরামপুর তিলকবরি যুব ও কৃষক সংগঠন, আমাটি বহুমুখী যুব ও কৃষক সংগঠন, দিয়ারা কৃষক সংগঠন, শ্রীপুর নিবেদিত কৃষক সংগঠনের মোজামেঞ্চল, সাখা মাহমুদ, বায়েজিদ ও মাসুদের উদ্যোগে চারটি গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে প্রায় দুই হাজার ৫০০ ফুট দীর্ঘ খাল খননের উদ্যোগ নেন। তাঁরা ছয় ফুট প্রশস্ত ও তিন ফুট গভীর খাল খনন করছেন। খালের মাটি দিয়ে পাশে প্রায় চার ফুট প্রশস্ত ছোট রাস্তাও নির্মাণ করা হচ্ছে।
কৃষক মোজামেঞ্চল হক বলেন, বোরো ধান কাটার সময় খেতে পানির পাশাপাশি জোঁকও চলে আসে। এ কারণে দিনমজুরেরা তাঁদের ধান কাটতে চান না।
প্রবীণ লেহাজ মিয়া বলেন, ‘৪৫-৫০ বছর আগে এহানে একটা খাল ছিল। ধীরে ধীরে এইডা ভরাট অইয়া গেছে। এইডা না তাহনে আমরার খুব ক্ষতি অইতেছিল। বারসিকের (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজ) পরামর্শে আমরা ছেলেরা উদ্যোগডা নেওয়া খুব ভালা অইছে।’