কৃষক কী ন্যায্যমূল্য পাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বলেছেন, চালের কেজি ৪০ টাকা সহনীয় দাম। কারণ যারা খাদ্য উৎপাদন করে, তাদের স্বার্থও আমাদের দেখতে হয়। এ বিষয়টি নিয়ে প্রথম আলোর ফেসবুকে পাঠকদের মতামত জানতে চাওয়া হয়েছিল। অনেকেই সেখানে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

অর্থমন্ত্রীর কথা যুক্তিযুক্ত মেনে বিএম মোশরেফুল প্রিন্স লিখেছেন, ‘ওনার কথায় যুক্তি আছে। তবে কৃষক কি তারপরও সঠিক প্রাপ্যটা পায়? সার, কীটনাশক, বীজ, ডিজেল এসবের দাম কমাতে হবে। তবেই সার্থকতা আসবে, কৃষক মূল্যায়িত হবে।’
তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা মনে করিয়ে দিয়ে মুহসিন উদ্দিন লিখেছেন, ৪০ টাকা হলে কোনো সমস্যা নেই, কিন্তু ভয় হয় এ জন্য যে আগের নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে, খাইয়েছে ৭০ টাকায়! আর এবার নির্বাচনের আগে বলছে ৪০ টাকা। ভয় হচ্ছে ২৮০ টাকা না হয়!
চালের দাম ৪০ টাকা সহনীয় বলা হলেও প্রকৃতপক্ষে দাম যে ৪০ টাকার বেশি, সেটা নিয়ে মন্তব্য করেছেন অনেক পাঠক। নাজিম উদ্দিন লিখেছেন, ৪০ টাকার মধ্যে থাকলেও তো মানুষ খুশি হতো! কিন্তু যখন এ মূল্য ৮০ টাকা ছাড়িয়ে যায় তখন মানুষের নাভিশ্বাস উঠে যায়।
মো. নুর মোহাম্মদ লিখেছেন, ‘মাননীয় অর্থমন্ত্রী আপনি কখনো ৪০ টাকা কেজি চাল খেয়েছেন? এখনো সর্বনিম্ন ৪৩ টাকা কেজি সেই চাল, যেটা খেতে গন্ধ লাগে। আপনারা তো আর এ রকম খাবার খান না, তাই আমাদের কষ্ট বুঝবেন না।’
শেখ মনিরুজ্জামান লিখেছেন, ‘কৃষককে বাঁচাতে হবে এ কথাও ঠিক। তবে চল্লিশ টাকায় যে চাল বাজারে পাওয়া যায়, সে চাল দেশি হাঁস-মুরগির খাবার। আমরা যখন বাজারে যাই তখন প্রথমে চালের দোকানে ঢুকি, চাল কেনার পর যা থাকে তা দিয়ে অন্যান্য বাজার করি।' তিনি পরামর্শ দিয়ে বলেছেন, পৃথিবীর বহু দেশে কৃষককে বাঁচাতে ভর্তুকি দেওয়া হয়, বেশি দামে ধান কিনে কম দামে চাল বিক্রয় করা হয়। এই প্রকল্প বাংলাদেশে চালু করুন।
রিয়াজ উদ্দিন লিখেছেন, ‘উনি একটি যুক্তিযুক্ত কথা বলেছেন! কিন্তু কথা হলো, চালের দাম বৃদ্ধির সঙ্গে কোনোকালেই কোনো কৃষকের সম্পর্ক ছিল না, থাকবেও না। চালের বাজার অস্থির করে তোলে আড়তদার আর খুচরা বিক্রেতারা। এদের নিয়ন্ত্রণ করা না গেলে মূল্য নির্ধারণ শুধুই সময় নষ্ট।

আবু সুফিয়ান লিখেছেন, ‘একমত। দেশের অধিকাংশ মানুষ আজও কৃষি পেশার সঙ্গে যুক্ত। তাদের জমির পরিমাণ কম, তাই আয়ও কম। চালের দাম ৪০ টাকার নিচে হলে তাদের জন্য জীবিকা নির্বাহ কষ্টকর হবে এবং তারা ধানের উৎপাদন কমিয়ে দেবে। কারণ তখন ধান উৎপাদন তাদের জন্য লাভজনক থাকবে না।’
তানভির আলম পার্থ লিখেছেন অন্য কথা। তাঁর বক্তব্য হলো, ২০ / ২৫ টাকায় যখন চাল ছিল তখন কি কৃষকেরা খুব খারাপ ছিল? আর চালের কেজি ৪০ টাকা হলেও কি কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে?
রনি সরদার অর্থমন্ত্রীর কথায় পুরোপুরি একমত পোষণ করেছেন, তিনি লিখেছেন, ‘তাঁর কথার যুক্তি আছে, কারণ কৃষকেরা বাড়তি মূল্যের সার, সেচ, বীজ, শ্রমিক ব্যবহার করে। ধানের দামে লাভের পরিবর্তে ক্ষতি হলে সেটা কীভাবে সহ্য করা যায়। যেমন গত বছর পাটের স্বল্প মূল্যের কারণে আমাদের প্রচুর লোকসান গুনতে হয়েছে। তাই বলছি, মাননীয় প্রধান মন্ত্রীর কথায় সম্পূর্ণ যুক্তি আছে।’
সকল ধরনের শ্রমের মূল্য বেড়ে গেছে বলেছেন দীপঙ্কর রায়। তিনি লিখেছেন, ‘রিকশা ভাড়া বেড়ে গেছে খেয়াল করেছেন? কাজের লোকের বেতন বেড়ে গেছে সেটা খেয়াল করেছেন? সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ধানচালের দাম বাড়বে না কেন?’