কৃষক জেলহাজতে, প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক কৃষককে মাদক নিয়ন্ত্রণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশ শেষে ওই কৃষকের মুক্তি এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বিক্ষোভকারীরা।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক হারুন মিয়ার বাড়িতে যান। হারুন মিয়াকে ঘুম থেকে ডেকে তুলে কোনো কিছু না জানিয়ে হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে তোলেন। গ্রামের লোকজন গ্রেপ্তারের কারণ জানতে চাইলে মিজানুর রহমান বলেন, হারুন মিয়ার গোয়ালঘরে সাড়ে ২৩ হাজার টাকার ভারতীয় মদ পাওয়া গেছে। এরপর হারুন মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাধন কান্তি চৌধুরী জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মুক্তার উদ্দিন বাদী হয়ে গত রোববার হারুন মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় হারুন মিয়াকে ওই দিনই আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। পাঁচ শতাধিক নারী-পুরুষ মিছিলে অংশ নেন। মিছিলটি নোয়াগাঁও গ্রাম থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউএনওর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী ও সাধারণ সম্পাদক আবু জাহের, ছাত্রনেতা আবদুল আজিজ, স্থানীয় স্কুলশিক্ষক মো. সাকায়েত হোসেন, মোখলেছুর রহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সাজানো মামলায় নিরীহ কৃষক হারুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।সমাবেশ শেষে হারুন মিয়ার মুক্তি এবং মিজানুর রহমান ও মুক্তার উদ্দিনের অপসারণ দাবি করে ইউএনও আহমেদ কবীরের কাছে একটি স্মারকলিপি দেয় এলাকাবাসী।তবে মিজানুর রহমান দাবি করেছেন, হারুন মিয়ার গোয়ালঘরে ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ পাওয়া গেছে।