কৃষক নয়, গম দিচ্ছেন ধনীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে গম সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণ হচ্ছে না। অভিযান চলাকালে কৃষকদের গুদামে সরাসরি গম বিক্রি করার কথা ছিল। কিন্তু এখন গুদামে ক্ষমতাসীন দলের লোকজন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা সমঝোতা করে গম সরবরাহ করছেন।
এমনকি বিষয়টি নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ায় ছাত্র ও যুবলীগ নেতারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজা আহমেদকে মারধরের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রলীগের সাবেক নেতা রেজা আহমেদ অভিযোগ করেন, সরকার ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রৌমারী খাদ্য বিভাগের মাধ্যমে ৯০০ টন গম কৃষকদের কাছ থেকে সরাসরি কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গত ২৮ এপ্রিল রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গম কেনা নিয়ে সভা হয়। সেখানে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিনের জন্য ১০০ মেট্রিক টন গম বরাদ্দ রাখা হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর জন্য ৪০০, ইউএনওর নামে ৫০, উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য ১৪০, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের জন্য ৪০ , উপজেলার পাঁচ ইউনিয়ন চেয়ারম্যানের জন্য ৫০ এবং উপজেলা চালকল মিলমালিক সমিতির নামে ৯০ টন গম সংগ্রহ বরাদ্দ রাখা হয়। এর বাইরে ৩০ মেট্রিক টন রাখা হয় বিভিন্নজনকে ম্যানেজ করতেঅ যার বা যে সংগঠনের নামে যতটুকু গম বরাদ্দ দেওয়া হয়েছে ঠিক ততটুকু গম তিনি বা সেই সংগঠন গুদামে সরবরাহ করবে।খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আবু বক্কর সিদ্দিক সাংসদের নামে ১০০ ও আওয়ামী লীগের জন্য ৪০০ টন বরাদ্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রায় ৩০০ টন গম কেনা হয়েছে।
স্থানীয় সাংসদ (জাপা মঞ্জুর-সমর্থিত) রুহুল আমিন বলেন, ক্ষমতাসীন দলে ভাগ-বাঁটোয়ারা নিয়ে নানা দ্বন্দ্ব আছে। তবে গম বরাদ্দের বিষয়ে তিনি কিছুই জানেন না।
উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে গম সংগ্রহ অভিযান পরিচালনা করার সত্যতা স্বীকার করে বলেন, এখন গম ছোট কৃষকদের হাত থেকে চলে গেছে বড় গৃহস্থ ও ব্যবসায়ীদের হাতে। ফলে মৌসুমের শেষ সময়ে এই সরকারি কার্যক্রমের সুফল কৃষকদের কপালে জুটছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক জানান, চলতি বছর রৌমারীতে প্রায় ৮ হাজার ২৭৭ টন গম উৎপাদন হয়। বর্তমান বাজারদর মণপ্রতি ৭৫০ থেকে ৮২০ টাকা। আর সরকারি সংগ্রহমূল্য মণপ্রতি ১ হাজার ১২০ টাকা।
রৌমারী খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘১০ মে ছাত্রলীগের সাবেক নেতা রেজা আহমেদ একদল কৃষক নিয়ে গুদামে হাজির হন। তিনি ৫০ টন গম বরাদ্দের দাবি জানান। অসহায়ত্ব প্রকাশ করায় তিনি ও তাঁর লোকজন গুদাম চত্বরে চলা গম সংগ্রহ অভিযানে বাধা দেন। খবর পেয়ে রৌমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ছুটে আসেন। একপর্যায়ে তাঁরা রেজাকে মারধর করেন।’
রেজা আহমেদ অভিযোগ করেন, ‘প্রকৃত কৃষকদের কাছ থেকে গম কেনার দাবি নিয়ে কথা বলতে ১০ মে উপজেলা খাদ্যগুদামে গেলে রাজু ও হারুন আমাকে মারধর করেন।’
যুবলীগ নেতা হারুন অর রশিদ বলেন, ‘রেজা নিজের নামে ৫০ টন গম বরাদ্দ দিতে গুদাম কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করেন। আবার দলের নাম ভাঙিয়ে গমের ভাগ নিতে চাওয়ায় চড়-থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হয়।’ তিনি দাবি করেন, সাংসদ ও দলীয় নেতারা গমের যে বরাদ্দ নিয়েছেন, তা কৃষকদের মধ্যেই ভাগ করে দিয়েছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা খন্দকার রেজাউল ইসলাম বলেন, সরকারি নিয়ম মেনেই কৃষকদের কাছ থেকে গম কেনা হচ্ছে।
ইউএনও আবদুল হান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।