সময় বৃহস্পতিবার দুপুর একটা। স্থান জয়পুরহাটের কালাই উপজেলার আলুর মোকাম পুনট হাট। হাটের পশ্চিম প্রান্তে পাইকারি পট্টি। পূর্ব প্রান্তে খুচরা সবজি পট্টি। পাইকারি বাজারে কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা সাড়ে পাঁচ টাকা কেজি দরে আলু কিনে নিচ্ছেন। অথচ কয়েক কদম দূরে খুচরা সবজির বাজারে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। সেখানে ক্রেতারা প্রতি কেজি আলু ১৫ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। মাঝখানের লাভটুকু শুষে নিচ্ছেন কৃষক ও ক্রেতার মাঝে থাকা ফড়িয়ারা।মৌসুমের শুরুতেই উৎপাদক ও খুচরা পর্যায়ে আলুর বাজার দরে এমন আকাশ-পাতাল ফাঁরাকের কারণে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। আগাম আলু চাষ করে অন্যান্য মৌসুমে ভালো দাম পেলেও চলতি মৌসুমে বাজার দরে মন্দাভাব বিরাজ করছে। ফলে চাষিদের লোকসান গুনতে হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে আলুর পাইকারি দর উদ্বেগজনক হারে কমার ফলে চাষ করা আলু বিক্রি করতে গিয়ে উৎপাদনের খরচই তুলতে পারছেন না চাষিরা।বর্তমানে উৎপাদক পর্যায়ে সাদা জাতের গ্যানোলা ও কার্ডিনাল আলু প্রতি মণ সর্বোচ্চ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং লালগুটি জাতের পাকড়ি আলু সর্বোচ্চ ২০০-২২০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। গত মৌসুমে আগাম জাতের এ আলুর দর ছিল গড়ে ৩৫০-৪০০ টাকা। কৃষকেরা জানান, এবার মৌসুমের শুরু থেকেই আলুর পাইকারি ও খুচরা বাজারে আকাশ-পাতাল ব্যবধান বিরাজ করছে। উৎপাদক বা পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম মানভেদে সর্বোচ্চ চার-পাঁচ টাকা হলেও খুচরা বাজারে এখনো সাদা জাতের গ্যানোলা আলু কেজিপ্রতি ১০ টাকা এবং লাল পাকড়ি আলু ১৫ টাকার কমে মিলছে না।পুনট হাটে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে গ্যানোলা জাতের সাদা আলু ১৬০-১৭০ টাকা মণ দরে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে এ আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বনিম্ন ১০ টাকায়। অন্যদিকে লাল পাকড়ি আলু এ হাটের পাইকারি বাজারে ওই দিন সর্বোচ্চ ২২০ টাকা মণ দরে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে তা প্রতি কেজি ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে।হাটে আলু বিক্রি করতে আসা উপজেলার আঁওড়া গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, ‘লাভের আশায় আগুর (আগাম) আলু আবাদ করব্যার য্যায়া এবার মাঠে মরিচি। খ্যাতত থ্যাকে আলু তুলে হাটত বেচপার লিয়ে অ্যাসে এমন সস্তা দামে আলু বেঁচতে হওচে যে আবাদে খরচ করা টেকায় ওঠোচে না।’খুচরা বাজারের আলু ক্রেতা ডিংড়াপাড়ার হাফিজার রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘হাটের এ প্রান্তে এক কেজি পাকড়ি আলুর দাম ১৫ টেকা। আর হাটের ওই প্রান্তে হামাগেরে মতো কৃষকই এই জাতের এক কেজি আলু বেঁচে পাওচে মাত্র পাঁচ টেকা। এড্যা ক্যাংকা কৃষক ঠকানোর বাজার বৈষম্য?’পুনট বাজারের খুচরা সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, ‘কেনার সময় লাভ করা না গেলে বেচার সময় লাভ হয় না। কম দামে কিনে বেশি দামে বিক্রি করা দোষের কিছু না। তা ছাড়া খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই। লাভের আশাতেই সবাই ব্যবসা করে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘সরকারি পর্যায়ে বাজার তদারকি না থাকায় শুধু আলুর বাজারেই এমন অরাজকতা নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজারেই এ ধরনের বৈষম্য বিরাজ করছে।’