সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ধান-চাল ক্রয় কর্মসূচির আওতায় গুদাম কর্তৃপক্ষ শুধু মিলমালিকের চাল কিনে গুদাম ভরে রেখেছে। গুদামে জায়গা নেই—এ অজুহাতে তারা কৃষকদের ধান কিনছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে সুফলবঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
কয়েকজন কৃষক জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ ধান এখনো ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারিভাবে ৭৪০ টাকা মণ দরে ধান কেনার সিদ্ধান্ত হওয়ায় কৃষকেরা কিছুটা আশাবাদী হয়েছিলেন। কিন্তু গুদাম কর্তৃপক্ষ ধান না কেনায় তাঁরা এখন হতাশ।
ভূরাখালী গ্রামের কৃষক নুরুল হক বলেন, ‘সরকারি সিদ্ধান্তের পর আমরা গুদামে ধান বিক্রি করতে যাই। কিন্তু গুদাম কর্তৃপক্ষ চাল কেনার পর ধান কেনা হবে বলে জানায়। আর এখন বলছে, চালে গুদাম ভরে গেছে ধান কেনা যাবে না।’ বেড়ি গ্রামের কৃষক আবদুস ছত্তার বলেন, ‘সাধারণ হাটবাজারে ধান বিক্রি করে আমাদের উৎপাদন খরচ উঠছে না। সরকারি দরে ধান বিক্রি করতে পারলে কিছুটা উপকার হতো।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় দুটি খাদ্য গুদাম রয়েছে। এর একটি ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার জগন্নাথপুর খাদ্যগুদাম, অপরটি হলো রানীগঞ্জ খাদ্যগুদাম। এটির ধারণক্ষমতা এক হাজার মেট্রিক টন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় ৯৮০ মেট্রিক টন চাল ও ৬০৭ মেট্রিক টন ধান কেনার কথা।
জগন্নাথপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর বলেন, ‘মিলমালিকেরা জামানত রাখায় প্রথমে আমরা তাদের কাছ থেকে চাল কেনা শুরু করি। ইতিমধ্যে ৪০০ মেট্রিক টন চাল কেনা হয়েছে। গুদামে জায়গা না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষকদের কাছ থেকে ধান কেনা সম্ভব হচ্ছে না।’
রানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম জানান, এই গুদামে পর্যাপ্ত ধানচাল মজুদ আছে। তাই তিনি নতুন করে ধানচাল কিনছেন না।
উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান জানান, আগে মিল ব্যবসায়ীদের কাছ থেকে চাল কেনার সিদ্ধান্ত সঠিক হয়নি। গুদামের ধারণক্ষমতা অনুযায়ী ধান-চাল সমানভাবে কেনা দরকার ছিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘গুদামের চাল স্থানান্তরিত করা না হলে নতুন করে ধানচাল কেনা সম্ভব হচ্ছে না। তবে চালগুলো স্থানান্তরের জন্য আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে কৃষকেরা যাতে গুদামে ধান বিক্রি করতে পারেন সেই পদক্ষেপ নেওয়া হবে।