কৃষকেরাই বাঁচিয়ে রাখছেন দেশকে। কিন্তু তাঁদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ছে। এক ফসল থেকে বহু ফসলের দিকে যাচ্ছেন কৃষক, ফলাচ্ছেন বিভিন্ন ফসলের বাম্পার ফলন। সরকারও উৎসাহ ও সহায়তা দিচ্ছে বেশি ফলনের, কিন্তু বাজারজাত করার কোনো সুবিধা করে দিচ্ছে না।
বাজারে পণ্য নিতে না পেরে অসহায় কৃষকেরা রাস্তায় ফেলে দিয়েছেন তাঁদের পণ্য। বাম্পার ফলনেও লোকসান বেড়েছে তাঁদের। এ রকম এক পরিস্থিতিতে নতুন বাজেটে পণ্য বাজারজাতকরণে কৃষকদের জন্য কী সুবিধা থাকছে, সেটাই এখন প্রশ্ন। চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কৃষি খাত নিয়ে অনেক কথা বললেও কৃষিপণ্য বাজারজাত করা নিয়ে একটি কথাও বলেননি। অথচ কৃষকদের জন্য এটিই এখন অন্যতম বড় সমস্যা।
আওয়ামী লীগ সরকারের দুই দফার শাসনামলের বেশির ভাগ সময়জুড়েই মোটা চালের দাম ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করেছে। এর পরও দুই বছর ধরেই কৃষকেরা সরকার-নির্ধারিত দরের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন।
২০১১ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকার পর ২০১২ থেকে পাটের দর নিয়মিতভাবেই কমেছে। এখন লোকসান গুনছেন পাটচািষরা। হতাশ কৃষকেরা পাটের ফলন কমিয়েছেন প্রায় ১০ লাখ বেল। আর পাট চাষের জমির পরিমাণ কমেছে এক লাখ ৭০ হাজার হেক্টর। গত তিন বছরে পাটের দর কমে অর্ধেকে নেমেছে। আবার আলু, পেঁয়াজ ও টমেটোচাষিরাও দাম না পেয়ে রাজপথেই নেমেছিলেন।
কৃষকের কষ্টের উৎপাদিত পণ্য বাজারজাত করার অনেক উদ্যোগই আছে সরকারি কাগজে-কলমে। কৃষকের পণ্য সরাসরি বিক্রির জন্য ৬২টি কৃষকবাজার নির্মাণ ও কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) আওতায় থাকা ৬৬৪টি কৃষিবাজারে কৃষকের সুবিধা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছিল। সারা দেশের ১০ হাজার সাধারণ হাট-বাজারে কৃষকের পণ্য সরাসরি বিক্রির কথাও হয়েছিল।
সব কটি উদ্যোগই পরিকল্পনা আর আমলাতন্ত্রের ফাঁদে আটকে গেছে। কৃষিবাজার ১০ বছরেও চালু হয়নি। আর কৃষি বিপণন অধিদপ্তর পুনর্গঠন না হওয়ায় কোথাও কৃষকের সুবিধা নিশ্চিত করা যায়নি। যদিও ২০০৮ ও ২০১৩ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ফসল ও কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, বিএনপির আমলে অপরিকল্পিতভাবে এসব বাজার নির্মিত হয়েছিল। এগুলো চালু করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের সহায়তায় কয়েকটি কৃষকবাজার চালু করা হয়েছে। অধিদপ্তর পুনর্গঠনের উদ্যোগও শিগগিরই বাস্তবায়ন করা হবে।
বাজার ফড়িয়াদের হাতে: কৃষি বিপণনব্যবস্থা বেহালের কারণে কৃষকের পণ্য বিক্রি এখনো ফড়িয়া ও ব্যবসায়ীদের
হাতেই বন্দী হয়ে আছে। ফলে ফসলের দাম বাড়লে লাভ যায় ব্যবসায়ীদের হাতে, দাম কমলে ভোগান্তি পোহাতে হয় কৃষককে৷
অর্থনীতিবিদেরা মনে করছেন, সরকারের প্রণোদনা ও পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া। সে জন্য কৃষকের পণ্য বিক্রয়ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। সাধারণ বাজারগুলোতে কৃষকের অংশগ্রহণ বাড়াতে হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ৫০ কোটি টাকায় নির্মিত ৬২টি কৃষকবাজার নির্মিত হয়। কিন্তু ওই বাজারগুলোর বেিশর ভাগই অব্যহৃত হয়ে পড়ে আছে। সেখানে গরু-ছাগল রাখা ও গুদাম হিসেবে স্থানীয় ব্যক্তিরা ব্যবহার করছেন।
ড্যাম পুনর্গঠনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাত্তার মণ্ডলের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটির সুপারিশ ছিল, কৃষি বিপণন অধিদপ্তরের নাম পাল্টে কৃষি বিপণন ও কৃষি ব্যবসা অধিদপ্তর রাখা, এর সাংগঠনিক কাঠামো উপজেলা পর্যন্ত বিস্তৃত করে প্রতি উপজেলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের মধ্যে ১৬ জনকে এবং জেলা পর্যায়ে ২৩ জনকে সদস্য করে কমিটি গঠন এবং কৃষিবাজারগুলো তদারকির জন্য তিন হাজার জনবল নিয়োগ। কিন্তু কোনো উদ্যোগেরই বাস্তবায়ন হয়নি।
বাজেটে যা চাই: বিশিষ্ট অর্থনীতিিবদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা মাহবুব হোসেন বলেন, কৃষি বিপণন অধিদপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনাটি কিছুটা উচ্চাকাঙ্ক্ষী ছিল৷ সরকারি কোনো প্রতিষ্ঠানে একসঙ্গে এত জনবল নিয়োগ দেওয়া বেশ কঠিন কাজ৷ আর বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বরং কৃষক যাতে বাজারে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা গড়ে তোলাটা জরুরি৷ এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার দিকে বেশি জোর দিতে হবে৷
দেশে যে বাজার-রাস্তাসহ অন্যান্য অবকাঠামো রয়েছে, তা যথেষ্ট উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, সরকারের উচিত হবে না খাদ্যগুদাম, হিমাগার ও খাদ্য প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের দিকে যাওয়া৷ বেসরকারি উদ্যোক্তারা যাতে এই খাতে বিনিয়োগ করেন, সেই ব্যবস্থা করা হচ্ছে সরকারের কাজ৷ কৃষিভিত্তিক এই খাতগুলোতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে তাঁদের প্রণোদনা দেওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা ও কৃষিজাত পণ্য রপ্তানি করার ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করা উচিত৷ তাতে কৃষিপণ্য নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে৷
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বোরো ও আমন রোপণের আগেই সংগ্রহমূল্য ঘোষণা করার পরামর্শ দিয়ে ব্র্যাকের এই সাবেক নির্বাহী পরিচালক বলেন, এতে কৃষক রোপণের আগেই সিদ্ধান্ত নিতে পারবেন, তিনি কতটুকু জমিতে এই ফসল করবেন৷ আলুর ক্ষেত্রে সরকার একই কাজ করতে পারে৷ ভারতে কৃষিপণ্য রোপণের আগেই অগ্রিম মূল্য ঘোষণা করতে সরকার প্রাইজ কমিশন গঠন করেছে৷ তারা কোনো একটি কৃষিপণ্যের আন্তর্জাতিক ও দেশীয় বাজার পর্যবেক্ষণ করে দাম নির্ধারণ করে৷ এতে কৃষকের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়৷ পরিকল্পিতভাবে কৃষকের বাজারসুবিধা দেওয়ার ফলে আজকে ভারত বিশ্বের এক নম্বর চাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে৷
আলু বিক্রি করে যাতে কৃষক লোকসানে না পড়েন, সে জন্য সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্থানীয়ভাবে আলু কিনে তা স্থানীয়ভাবে বণ্টন করতে পারে৷ এই মতামত রেখে মাহবুব হোসেন বলেন, চাল উৎপাদন বেশি হলে সরকার দাম যখন কম থাকবে তখন কিনতে পারে৷ আর দাম বেড়ে গেলে তা বিক্রি করে দিতে পারে৷ এভাবে সরকার কৃষকদের রক্ষা করার পাশাপাশি বাজারে চালের দাম স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখতে পারে৷