কৃষক বেচেন চার টাকা কেজি ভোক্তারা কেনেন ১৪ টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের আকালু মোহাম্মদ জমিতে ফলানো ফুলকপি শহরে সবজির আড়তে বিক্রি করলেন ১৬০ টাকা মণ দরে। প্রতি কেজির দাম হয় চার টাকা।পাইকার রমজান আলী ওই ফুলকপি স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন প্রতি ধাড়া (পাঁচ কেজিতে এক ধাড়া) ৪০ টাকায়। প্রতি মণ ১৬০ টাকায় কিনে বিক্রি করলেন ৩২০ টাকায়।আর কাঁচামাল ব্যবসায়ী সোহরাব হোসেন খুচরা ক্রেতার কাছে সেই ফুলকপি বিক্রি করলেন প্রতি কেজি ১২ থেকে ১৪ টাকা দরে।ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী বাজারে মঙ্গলবার সকালে সবজি কিনতে আসেন বেসরকারি কলেজের শিক্ষক কামরুল ইসলাম। তিনি আক্ষেপ করে বলেন, স্থানীয় কাঁচামালের আড়তে কৃষকদের কাছ থেকে যে ফুলকপি ফড়িয়ারা প্রতি কেজি কিনে নেয় চার থেকে পাঁচ টাকা দরে, সেটা হাত বদল হয়ে কালীবাড়ী বাজারে আসার পর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২ থেকে ১৪ টাকায়।সবজির পাইকারি আড়তে মঙ্গলবার গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রাম থেকে সবজিচাষিরা রিকশা, ভ্যান, নসিমন ও করিমনে করে নানা ধরনের সবজি বিক্রির জন্য নিয়ে এসেছেন। আর পাইকারেরা নিজেদের নির্ধারিত দরে সেই সবজি চাষিদের কাছ থেকে কিনে নিচ্ছেন। চাষিদের কাছ থেকে পাইকারেরা সবজি কেনার পর ফুলকপি বিক্রি করছেন প্রতি ধাড়া ৪০ টাকা, বাঁধাকপি ৫০, বেগুন ৪০, করলা ৪০ ও শিম ৮০ টাকায়।আর কালীবাড়ী বাজার, গৌধূলিবাজার ও বাসস্ট্যান্ড বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৪, বেগুন ১৪ থেকে ১৬, করলা ১৩ থেকে ১৪ এবং শিম ২৪ থেকে ২৮ টাকায়।সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ মানিক জানান, পাইকারেরা নিজেদের মধ্যে আগেভাগেই সবজির দর ঠিক করে নেন। একবার দাম বললে আর বাড়াতে চান না। তাই বাধ্য হয়ে কৃষকেরা তাঁদের দামেই সবজি বিক্রি করতে বাধ্য হন। কৃষকের কাছ থেকে কম দরে সবজি কিনে পাইকারেরা পরে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে লাভবান হন।আড়তের সবজির পাইকার আবদুর রহিম বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে সবজি কেনার পর পাইকারি দরে দুই-তিন টাকা লাভে বিক্রি করি।’কালীবাড়ী বাজারে সবজি সরবরাহকারী সোহরাব হোসেন বলেন, পাইকারদের কাছ থেকে কেনা সবজিতে অনেক সময় পোকা থাকে। সেগুলো বাছাই করে মান অনুযায়ী আলাদা করা হয়। সেই সঙ্গে যোগ হয় পরিবহনসহ আনুষঙ্গিক খরচ। ফলে আড়তে যে দামে সবজি পাওয়া যায়, বাজারে এসে ওই সবজির দাম কিছুটা বাড়তি হবেই।আড়তের পাইকারি সবজি ব্যবসায়ী পরিমল সরকার বলেন, ‘আমরা সবজির দাম চক্র করে নিয়ন্ত্রণ করি না। কৃষকের কাছ থেকে সব সময় ন্যায্য দরেই সবজি কিনে ক্রেতাদের সরবরাহ করি। এখানে যখন সবজির সরবরাহ বেশি থাকে, তখন দর পড়ে যায়। এ কারণেই সবজির দরে পার্থক্য দেখা যায়।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বেলায়েত হোসেন জানান, কৃষকেরা সমবায়ের ভিত্তিতে সবজি সরাসরি বাজারজাত করতে পারলে ভালো দাম পেতেন। তাঁরা ফড়িয়াদের খপ্পরে পড়ে কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হন। আর ফড়িয়ারা সেসব সবজি ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে অধিক লাভবান হচ্ছে।