কৃষক মাঠ স্কুলে কৃষকের দিনবদল

বই, খাতা, কলম বা পেনসিলের ব্যবহার নেই। এরপরও এটা শিক্ষাপ্রতিষ্ঠান। পাঠদান দেওয়া হয় কিষান - কিষানিদের। এই শিক্ষা-প্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর। এ স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তির শিক্ষা মাঠে প্রয়োগ করে রংপুরের তারাগঞ্জের অনেক কিষান-কিষানির দিন বদলে গেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে কৃষক মাঠ স্কুলের কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে তারাগঞ্জের ২৫টি স্কুলে ১ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে পাঠদান দেওয়া হয়। ছয় মাস মেয়াদে প্রতিটি স্কুলে ৫০ জন কিষান–কিষানি বিনা বেতনে ভর্তি হন। তাঁদের সপ্তাহে দুদিন দুজন শিক্ষক দুই ঘণ্টা করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের শিক্ষা দেন। পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে। বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভি, ছাগল পালন, মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয়।
উপজেলার ইকরচালী ইউনিয়নের নদীরপাড় গ্রামে গতকাল রোববার প্রবেশ করলেই চোখে পড়ে প্রতি কৃষকের বাড়ির উঠানে, রাস্তার ধারে তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সার তৈরির জায়গায় দেওয়া হয়েছে টিনের চালা। সাধারণ কম্পোস্ট ছাড়াও কৃষকেরা তৈরি করছেন খামারজাত কম্পোস্ট, কুইক কম্পোস্ট ও কেঁচো কম্পোস্ট।
নদীরপাড় গ্রামের শিক্ষিত যুবক অহিদুল ইসলাম বলেন, ‘আগে সনাতন পদ্ধতির চাষাবাদে লোকসান হয়েছে। এখন দিন বদলে গেছে। নদীরপাড় কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ নিয়ে কম জমিতে অধিক ফসল উৎপাদন সম্পর্কে জানতে পেরেছি। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অধিক উৎপাদন ও কীটনাশক ব্যবহার না করে রোগবালাই দমনের বিষয় শিখেছি। কম্পোস্ট সার তৈরি করেও বাড়তি আয় করছি।’
চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক কাল্টু মিয়া বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে চার বছর আগেও জমিতে ভালো ফলন হতো না। পোকামাকড় লেগেই থাকত। ২০১৩ সালে প্রথম তাঁর গ্রামের ৫০ জন কৃষক উপজেলা কৃষি বিভাগের সহায়তায় চেয়ারম্যানপাড়া কৃষক মাঠ স্কুল চালু করেন। এরপর ওই স্কুলে তাঁরা প্রশিক্ষণ নিয়ে কম্পোস্ট সার তৈরি শুরু করেন। গরুর গোবর ও বাড়ির অপ্রয়োজনীয় শাকসবজির উচ্ছিষ্ট অংশ পচিয়ে কম্পোস্ট ও খামারজাত কম্পোস্ট সার তৈরি করেন তাঁরা। খৈল, গোবর ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করেন কুইক কম্পোস্ট সার। এ ছাড়া শুকনা গোবরে জীবন্ত কেঁচো ছেড়ে দিয়ে তৈরি করেন কেঁচো কম্পোস্ট। এসব সার ব্যবহার করে উৎপাদন খরচ কম পড়ায় ও ফলন বৃদ্ধি পাওয়ায় তাঁর গ্রামের ৯০ জন কৃষক এখন কম্পোস্ট সার ব্যবহার করছেন।
ওই গ্রামের আরেক কৃষক আজহারুল ইসলাম বলেন, ওই স্কুল তাঁর জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। আগে ৯০ শতক জমি চাষ করে তিন বেলার খাবার জুটত না। সেখানে এখন খাওয়া-পরা, সন্তানদের পড়াশোনার খরচ দেওয়ার পরও বছরে ৬০ হাজার টাকা আয় থাকছে। কাঁচনা গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘স্কুলে শিখে নিজের তৈরি সার দিয়া এল্যা হামরা ফসল ফলাই। রাসায়নিক সারের বদলে খেতোত কেঁচো সার দেই।’ ওই গ্রামের কৃষক সোলেমান হোসেন বলেন, ‘পাখি ডাইকা আনাও যে কৃষিকাজের অংশ, কৃষক মাঠ স্কুলে না পড়লে হামরা কেউ জাননো না হয়।’
মেনানগর গ্রামের গৃহবধূ মনিরা খাতুন ও আয়শা খাতুন বলেন, ‘ওই স্কুলে পারিবারিকভাবে খামার করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো ও আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি, ছাগল, ভেড়া ও গবাদিপশু পালন সম্পর্কে জানতে পেরেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের ১ হাজার ২৫০ জন কৃষককে স্কুলে শেখানো হয়েছে কৃষিতে বিজ্ঞানভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরনের আবাদের কলাকৌশল। স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তির শিক্ষা মাঠে প্রয়োগ করে তারাগঞ্জের অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে।