কৃষক লীগ নেতা হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষক লীগের নেতা শামসুল আলম মৃধা হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুদীপ্ত দাস আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ পেয়াদার বাড়ি বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু গ্রামে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজন হলেন দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের আ. হালিম মিয়ার স্ত্রী মরিয়ম বেগম ও পূর্ব রাজগুরু গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়া।
জানতে চাইলে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, শামসুল আলম মৃধা উপজেলার রহমতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন। বাড়ি উপজেলার রাজগুরু গ্রামে। তাঁকে ২০১৩ সালের ১৬ মার্চ দুপুরে প্রকাশ্যে ইট দিয়ে আঘাত করেন পলাশ পেয়াদা। মরিয়ম ও জয়নাল আবেদীন এ সময় পলাশকে সহায়তা করেন। ঘটনাস্থলেই শামসুল মারা যান। পরদিন তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। তদন্ত শেষে সিআইডির উপপরিদর্শক (এসআই) রেজাউল হক ২০১৩ সালের ১৬ নভেম্বর আদালতে তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক এই মামলার ১৭ জন সাক্ষীর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।