কৃষক লীগ নেতার বাড়িতে আগুন শ্রমিক দল নেতার দোকান লুট
জামালপুরের মাদারগঞ্জে কৃষক লীগের নেতা সামিউল ইসলামের বাড়িতে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩০ হাত লম্বা একটি টিনের দোচালা ঘরসহ কমপক্ষে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শ্রমিক দল নেতার দোকান ভাঙচুর ও লুট করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
আগুনে খতিগ্রস্ত কৃষক লীগের গুনারীতলা ইউনিয়ন শাখার সহসভাপতি ও নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সামিউল ইসলাম জানান, গভীর রাতে কে বা কারা সিঁধ কেটে তাঁর থাকার ঘরে ঢুকে ধান-চাল রাখার মাচায় আগুন ধরিয়ে দেয়। ঘরে আগুন দেওয়ার ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কোনোমতে ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচে গেলেও তাঁর দেড় বছরের সন্তান আল আমিনের পা পুড়ে যায়।
সামিউল ইসলাম জানান, তাঁর কোনো ব্যক্তিগত শত্রু নেই। তাঁকে সপরিবারে হত্যা করতে বিএনপির লোকজনই তাঁর ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে মোসলেমাবাদ বাজারে গুনারীতলা ইউনিয়নের শ্রমিক দলের আহ্বায়ক আল আমিনের মোসলেমাবাদ বাজারে হাঁড়ি-পাতিলের দোকান আওয়ামী লীগের লোকজন ভাঙচুর করেন। সেখান থেকে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে বলে দোকানের মালিক আল আমীন দাবি করেন। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।