কৃষক লীগ নেতার হাতে জিম্মি সরকারি খামার!
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামের ৪০১ দশমিক ৪৪ একর জমির ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম পাটবীজ খামারটি অবস্থিত। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ ওরফে লিখন সরকারি ওই খামারের দুই একর জমি দখল করে ব্যক্তিমালিকানাধীন খামার বানিয়েছেন। খামারের প্রায় সব কাজেই তিনি ও তাঁর সাঙ্গপাঙ্গরা হস্তক্ষেপ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।কৃষক লীগের নেতা লিখন বিভিন্ন সময় খামারের কয়েকজন কর্মকর্তাকে মারধর পর্যন্ত করেছেন। এ ব্যাপারে থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা লিখনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, খামারের বৃক্ষ নিলাম, উন্নয়ন কাজের দরপত্র এবং শত শত শ্রমিক নিয়োগে লিখনকে সুবিধা না দিলে তিনি খামার পরিচালনায় বাধা হয়ে দাঁড়ান। সুবিধা দিতে আপত্তি করায় তিনি ও তাঁর সাঙ্গপাঙ্গরা এ পর্যন্ত খামারের আট কর্মকর্তার কারও হাত-পা ভেঙে দেন, কাউকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন। লিখনের সঙ্গী তাঁর ছোট ভাই ছাত্রলীগের কর্মী মেহেদী সাজ্জাদ ওরফে নয়ন। তাঁদের বাবা গোলাম সারোয়ার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গাংনীর চিৎলা ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি স্কুলের ঢেউটিন আত্মসাতের দায়ে কারাভোগ করেছিলেন বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, চিৎলা গ্রামে ১৯৫৫ সালে খামারটি স্থাপন করা হয়। এখানে ভিত্তি পাটবীজ ছাড়াও ধান, গম, আলু, ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের বীজ উৎপাদন করা হয়; যা সরকারিভাবে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। প্রতিদিন তিন-চার শ শ্রমিক খামারে কৃষিকাজ করেন। আগে খামারটি তার নিজস্ব নিয়মেই চলেছে। কিন্তু লিখন ও তাঁর সাঙ্গপাঙ্গদের অবৈধ হস্তক্ষেপে গত ১০ বছরে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে খামারের যুগ্ম পরিচালক এস এম রওশন আলী অভিযোগ করেছেন।রওশন আলী বলেন, ‘ওরা এ পর্যন্ত খামারের আট কর্মকর্তাকে মেরেছে। ওদের ভয়ে কেউ এখানে চাকরি করতে চাচ্ছেন না। আর্থিক সুবিধা পায় না বলে ওরা আমাকেও গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিয়েছি। ঠিকমতো অফিস করতে পারি না। তার পরও আমি ওদের কথা শুনে চাকরি করতে রাজি নই। এ ক্ষেত্রে মরে যাব, তবু লিখন ও তার বাহিনীর কাছে পরাস্ত হব না।’চিৎলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক আরও অভিযোগ করেন, লিখন খামারের প্রায় কোটি টাকার (২ একর) জমি দখল করে ‘স্বর্গপুরী বহুমুখী খামার’ নামে ব্যক্তিগত একটি খামার তৈরি করেছেন। গ্রামে ঈদগাহ থাকা সত্ত্বেও খামারের দুই একর জমি দখল করে ঈদগাহ বানিয়েছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় লোকজন কিছু বলতে ভয়ে পায়।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তফা জামান জানান, জেলা প্রশাসকের নির্দেশে একজন জরিপকারীকে দিয়ে চিৎলা খামারের দখলীয় সরকারি জমির পরিমাণ মেপে প্রতিবেদন দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, চিৎলা গ্রামের প্রভাবশালী গোলাম সারোয়ার ও তাঁর ছেলে লিখনের দখলে খামারের প্রায় দুই একর জমি আছে। যা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও উদ্ধার করা যাচ্ছে না। খামারের রুটিন কাজে লিখনের অবৈধ হস্তক্ষেপ প্রসঙ্গে ঢাকার উলন রোডের সুনিপুণ ট্রেডার্সের মালিক মাহাবুবুর রহমান বলেন, ‘২০০৯ সালের ১৫ এপ্রিল এক কার্যাদেশে আমার প্রতিষ্ঠান চিৎলা পাটবীজ খামারে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে দুটি গভীর নলকূপ বসানোর কাজ পায়। কিন্তু কৃষক লীগের নেতা লিখন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দিতে অপারগতা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শেষে কাজ না করেই খামার থেকে নির্মাণসামগ্রী ফেরত নিয়ে যাই।’কৃষক লীগের অভিযুক্ত নেতা ওয়াসিম সাজ্জাদ ওরফে লিখন বলেন, ‘খামারের বর্তমান যুগ্ম পরিচালক এস এম রওশন আলী একজন মিথ্যুক। তিনি জামায়াতের রোকন। খামারে আওয়ামী লীগের শ্রমিকদের বাদ দিয়ে বিএনপির শ্রমিকদের কাজে লাগান বলে এই দ্বন্দ্ব।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘লিখন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা ও অভিযোগ আছে। তাঁদের সব দুর্বৃত্তায়ন চিৎলা খামারকে ঘিরে। তাঁরা ফার্মে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান। এ নিয়ে থানায় অনেক মামলা আছে। স্থানীয় লোকজন তাঁদের বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পায় এবং রাজনৈতিক কারণে পুলিশ তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে না।’ মেহেরপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, ‘শুনেছি, চিৎলার লিখনবাহিনীর কাছে খামারটি জিম্মি হয়ে আছে।’ এ ব্যাপারে তিনি পুলিশকে আরও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।