কৃষক শ্রমিক জনতা লীগের দুই নীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইলে যে আটটি পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে এর একটিতেও দলীয় প্রার্থী দেয়নি। দলটি টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলেও সখীপুর পৌরসভায় সমর্থন দিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে। দলত্যাগকারী দুই সাবেক মেয়রকে পরাজিত করতে কৃষক শ্রমিক জনতা লীগ এই দ্বৈত নীতি নিয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
টাঙ্গাইল পৌরসভায় এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জামিলুর রহমান। জামিলুর ১৯৯৯ এবং ২০০৪ সালে কৃষক শ্রমিক জনতা লীগ–সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই দলের সমর্থন নিয়ে ২০১১ সালের নির্বাচনে পরাজিত হন। গত ১২ সেপ্টেম্বর জামিলুর আওয়ামী লীগে যোগদান করেন।
সখীপুর পৌরসভায় কৃষক শ্রমিক জনতা লীগ–সমর্থিত প্রার্থী হিসেবে সানোয়ার হোসেন ২০০২ সালে অনুষ্ঠিত সখীপুরের প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১১ সালের নির্বাচনেও দলীয় প্রার্থী হয়ে মাত্র ৫৪ ভোটে পরাজিত হন। সেই নির্বাচনের বছর খানেক পরে সানোয়ার হোসেন বিএনপিতে যোগ দেন। এবার নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের একটি সূত্র জানায়, দলত্যাগ করা দুই নেতাকে তাঁরা পরাজিত দেখতে চান। তাই তীব্র বৈরী সম্পর্কের পরও সখীপুরে আওয়ামী লীগকে সমর্থন করেছেন তাঁরা। গত বুধবার বিজয় দিবস উপলক্ষে সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু হানিফ আজাদকে সমর্থন দেন এবং তাঁর পক্ষে ভোট প্রার্থনা করেন। সে সভায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীকসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
হাবিবুর রহমান তালুকদার এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের দল নির্বাচনে অংশ না নিলেও সখীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কাদেরিয়া বাহিনীর একজন মুক্তিযোদ্ধা। তাই আমরা তাঁকে সমর্থন দিয়েছি।’
কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল পৌরসভায় সরাসরি কাউকে সমর্থন না দিলেও আমরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিলুর রহমানের বিরুদ্ধে। কারণ, তিনি আমাদের দলত্যাগ করে চলে গেছেন।’
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থীকে সমর্থন বা বিপক্ষে অবস্থানের ব্যাপারে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’