কৃষক সেজে গম দিলেন আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের নেতারা কৃষক সেজে সরকারি গুদামে গম সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে৷
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের উৎপাদিত গমের ন্যায্যমূল্য দিতে ধুনট উপজেলার দুটি সরকারি খাদ্যগুদামকে এ বছর ৭৪ মেট্রিক টন গম কেনার অনুমতি দেওয়া হয়েছে৷ এর মধ্যে উপজেলা সদরে ৪০ ও গোসাইবাড়ী ইউনিয়নে ৩৪ মেট্রিক টন৷
১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে গম কেনার কথা৷ সেই অনুপাতে সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকের সঠিক তালিকা তৈরি করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়৷ কৃষকেরা তাঁদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে এক থেকে তিন মেট্রিক ট্রন গম সরকারি মূল্যে গুদামে বিক্রি করতে পারবেন বলা হয়৷ এ সুযোগে ভুয়া তালিকা করে গুদাম কর্মকর্তার কাছে আওয়ামী লীগের নেতারা সব গম সরবরাহ করেছেন বলে জানা যায়৷
গোসাইবাড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘প্রকৃত কৃষকদের নামের তালিকা যাচাই করে তাঁদের নিকট থেকেই গম ক্রয় করা হয়েছে৷ এর মধ্যে কোনো অনিয়ম হয়নি৷’
এদিকে গোসাইবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাঙ্গা মিয়া বলেন, ‘কৃষকেরা এ গম দিব কুতথিনি? ধুনট থাইকাই আওয়ামী লীগের বড় নেতারা আমাইগরে নামে তালিকা ভাগ করে দিবেনচে৷ আমরা সেই ভাগ অনুসারে গুদামে গম দিছি৷’
কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের জহুল ইসলামের নামে দুই মেট্রিক টন গমের তালিকা করা হয়েছে৷ জানা যায়, ওই গ্রামে এই নামের কেউ নেই৷ এ ছাড়া নিমগাছি ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের ইউনুছ আলীর নামে তিন মেট্রিক টন গমের তালিকা করা হয়েছে৷ জানা যায়, ওই ইউনিয়নে নিত্তিপোতা নামে কোনো গ্রাম নেই৷
চৌকিবাড়ী ইউনিয়নের সাকদহ গ্রামের মাহতাব আলীর নামে তিন মেট্রিক টন গমের তালিকা করা হয়েছে৷ তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, তিন মেট্রিক টন কেন, এক টন গম দেওয়ার কোনো সুযোগ তাঁকে দেওয়া হয়নি৷
ধুনট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘উপসহকারীরা যেসব কৃষকের নামের তালিকা দিয়েছেন, আমি সেভাবেই তাঁদের কাছ থেকে গম নিয়ে গুদামে উত্তোলন করেছি৷ এসব নাম ভুয়া কি না, তা যাচাই করে দেখার সময় ছিল না৷’