কৃষক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃষক আব্বাস আলী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন। এ সময় মামলার ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন অষ্টগ্রাম উপজেলার শেখেরহাটি গ্রামের মংগু মিয়া, দুলু মিয়া, মঞ্জু মিয়া, জংগু মিয়া, এনায়েত, কাজল মিয়া ও কাকন। মামলাটির মোট ৯ আসামির মধ্যে মঞ্জু মিয়া পলাতক। মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হয়েছে। আসামি সবাই একে অপরের আত্মীয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৩ জুলাই অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আব্বাস আলী নিহত হন। এ ঘটনায় ওই দিনই নিহত আব্বাসের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর অষ্টগ্রাম থানার পুলিশ ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।