কৃষক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ২৭ জনের কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক মুক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও ২৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভীন এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন আনিস মিয়া, ফরাস মিয়া, জামশেদ মিয়া, বজলু মিয়া ও নুরুল ইসলাম। এর মধ্যে আনিস মিয়া ও ফরাস মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক আছেন। আর কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জনের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। বাকি ১৪ জন পলাতক আছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের বাসিন্দা মচধ্ধর আলীর ছেলে মুক্তাদির আলীর (২৪) জমিতে একই গ্রামের নুরুল ইসলামের গরু প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল ইসলামের পক্ষে ৩৫-৪০ জন ধারালো অস্ত্র ও বল্লম দিয়ে মুক্তাদির আলীকে মারতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মুক্তাদির। ঘটনার পরদিন মুক্তাদিরের বড় ভাই মুশাহিদ আলী নবীগঞ্জ থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
ওই বছরের ২১ জুলাই ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালীন অবস্থায় তিনজন মারা যান। বাকি ৩২ জনের মধ্যে পাঁচজনকে ফাঁসি এবং ২৭ জনকে এক থেকে তিন বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই বোয়ালজুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালেহউদ্দিন আহমেদ জানান, মামলায় ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আদালত পাঁচজনকে ফাঁসি ও ২৭ জনকে এক থেকে তিন বছর মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।