কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়ায় পাঁচ বছর আগে দিনদুপুরে কৃষক আবুল মনসুরকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলার রায় হয়েছে আজ। খুনের দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি হচ্ছেন আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের মো. হেলিমের ছেলে রুবেল মিয়া (২৭)। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতেই এ রায় দেন আদালত। মামলা চলাকালে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল ইসলাম বলেন, রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল মনসুরের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ৮ অক্টোবর বেলা আড়াইটার দিকে স্থানীয় গণেশ হাওরে আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করেন রুবেল। হত্যার এক দিন পর নিহত ব্যক্তির বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। পরের বছর ২১ মে রুবেলকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যার পর থেকেই রুবেল পলাতক রয়েছেন।