কৃষক হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক কৃষককে হত্যার অপরাধে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আ. ছাত্তার (৩৬), লাল মিয়া (৩৮), মো. বাবুল মিয়া (২৬), সুরুজ মিয়া (২৪), হাবিবুর রহমান (১৯) ও সাইফুল ইসলাম (২৮)। তেলিপাড়া গ্রামের কৃষক খোকন মিয়া (৩২) হত্যার দায়ে ছয়জনকে এই সাজা দেওয়া হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সাহেব আলী (৮০), নূরেছা খাতুন (৪৬) ও মনোয়ারা খাতুনকে (২৭) বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের লাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সালের ৭ আগস্ট সকালে খোকন মিয়া নিজ জমিতে চাষাবাদ করতে যান। তখন আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর খোকন মারা যান।