কৃষক হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শফিকুল ইসলাম নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সিরাজদ্দৌলা কুতুবী এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মফিজ উদ্দিন, মোজাহের আহমেদ, নুর হোসেন, মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন ও আবু আহমেদ। এঁদের মধ্যে শেষের তিনজন পলাতক।
সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের ২ মে বাঁশখালীর বৈলছড়ি এলাকায় ধানি জমিতে গভীর নলকূপের পানি দেওয়া নিয়ে শফিকুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা দুলা মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৪ সালের ২৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রোববার এ রায় দেন।