কৃষক হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার কৃষক লুৎফর রহমান (৫০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

আদালত একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-ডোমার উপজেলার খুশিপাড়া গ্রামের শামসুদ্দিন (৬০), ফজলার রহমান (৩৫), আশরাফ আলী (৫০), বিশারু মামুদ (৪০) ও রফিকুল ইসলাম (৫০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে ডোমার উপজেলার আমবাড়ি হাট থেকে কৃষক লুৎফর রহমানকে ধরে নিয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এরপর লাশ পার্শ্ববর্তী ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মফিজ উদ্দিন সরকারের পুকুর পাড়ে ফেলে রাখে। ঘটনার পরের দিন লুৎফর রহমানের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে পুলিশ তিনজনকে বাদ দিয়ে ওই পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দেন।