কৃষক হত্যায় একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় কৃষক আবদুল লতিফ (৪৮) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনের যাবজ্জীবন, তিনজনের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন তিনজন । আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নুরুল আমিন খাঁ (২৭)—তাঁকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। নুরুল আমিন খাঁর বড় ভাই আল আমিন খাঁ (৩০) ও চাচাতো ভাই তৌফিক খাঁকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নুরুল আমিন খাঁর বাবা সুলতু খাঁ (৫৮), চাচাতো ভাই কাজল খাঁ (২৬), তাজুল ইসলামকে (৫০) এক বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সবুজ চৌধুরী (৩৮), তাঁর ছোট ভাই অলি চৌধুরী (৩২) ও তাঁদের স্বজন নুর আহম্মদকে (৩৮) বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিদের সবার বাড়ি রূপচন্দ্রপুর গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আটপাড়া রূপচন্দ্রপুর গ্রামের আবদুল লতিফের সঙ্গে একই গ্রামের নুরুল আমিন খাঁদের একটি সেচযন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৩ সালের ১৬ জুন বিকেলে আবদুল লতিফ অসুস্থ ছেলে শরিফ মিয়াকে (১৪) স্থানীয় কোনাপাড়া বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। বিকেল পৌনে ছয়টার দিকে কোনাপাড়া চৌরাস্তা মোড়ের দক্ষিণ পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নুরুল আমিন ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠির আঘাতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল লতিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার দুই দিন পর নিহত আবদুল লতিফের স্ত্রী শেফালি আক্তার (৪০) বাদী হয়ে নয়জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সাইফুল রহমান। তিনি ২০১৩ সালের ৭ অক্টোবর মামলার ৮ নম্বর আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর বাদীর ইচ্ছা অনুযায়ী মামলাটি সিআইডিতে গেলে ওই বিভাগের এসআই নজরুল ইসলাম তদন্তের দায়িত্ব পান। তিনি মামলার ৮ নম্বর আসামি নুর মোহাম্মদ, ৬ নম্বর সবুজ মিয়া ও ৭ নম্বর আসামি তাজুল ইসলামের নাম বাদ দিয়ে পরের বছরের ১৭ মে অভিযোগপত্র জমা দেন। এরপর জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত গঠন করা হলে নয়জনকেই আসামি করে ২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বেলা দেড়টার দিকে এ রায় দেন আদালত।