কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

খুলনার কয়রা উপজেলায় এক কৃষক হত্যার দায়ে চার ভাইসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই দণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার কয়রা উপজেলা দক্ষিণ মদিনাবাদ গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার চার ছেলে শাজাহান মোল্লা (২৫), আশরাফ মোল্লা (২২), সুজাউদ্দিন মোল্লা (৩২) ও ইসমাইল মোল্লা (২৭)। দণ্ডপ্রাপ্ত অন্য আসামি হলেন মৃত ছাকিম উদ্দিন মোল্লার ছেলে জামাল উদ্দিন মোল্লা (৩৫)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
ওই আদালতের স্টেনোগ্রাফার আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ২৭ জুলাই সন্ধ্যায় কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের লুৎফর মোল্লা বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে যান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে তাঁর ছেলে হালিম মোল্লা বাবাকে খুঁজতে ওই বিলে গিয়ে লুৎফর মোল্লাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পূর্বশত্রুতার জেরে আসামিরা লুৎফর মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ২৮ জুলাই নিহত ব্যক্তির ছেলে আবদুল হালিম মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কয়রা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মোস্তাফিজুর রহমান ২০০৪ সালের ১ ফেব্রুয়ারি ওই ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন অভিযোগপত্রভুক্ত দুই আসামি দলিল উদ্দিন মোল্লা (৫৫) ও আবু ইছা মোল্লা (২৪) মারা যান। ফলে মৃত এই দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর পাঁচজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি হেমন্ত কুমার সরকার। তিনি বলেন, হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দিয়েছেন। রায় অনুযায়ী আসামিদের ২০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক পরিশোধ করতে হবে। মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।