কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভাদুয়া গ্রামের কৃষক সবুজ মিয়াকে (৪৫) হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো. রফিকুল ইসলাম, আসাদ মিয়া, মো. তাজুল ইসলাম, আব্দুল আজিজ, বজলুর রহমান, আব্দুস সাত্তার ও মো. জামাল উদ্দিন। তাঁদের প্রত্যেকের বাড়ি দুর্গাপুরের ভাদুয়া গ্রামে। দণ্ডপ্রাপ্ত আসামিরা পরস্পরের আত্মীয়।

সরকারি কৌঁসুলি মুহাম্মদ সাইফুল আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ২০০৭ সালের ৭ মার্চ পরিকল্পিতভাবে সবুজ মিয়াকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর দিন নিহতের ভাই আনিসুর রহমান বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ৩ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।