কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাদল শিকদার নামের এক কৃষককে অপহরণের পর ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে গত বুধবার প্রতিবেশী সেলিম শিকদারসহ ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন। মামলার আরজি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাদল শিকদারের (৪৫) সঙ্গে প্রতিবেশী সেলিম শিকদারের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। ৬ জানুয়ারি বিকেলে বাদল শিকদার বাড়ি থেকে স্থানীয় ফরাজীরহাটে যাওয়ার পথে ১০ জন অপরিচিত লোক তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে বাদল শিকদারের স্ত্রী রহিমন বেগমের কাছে সেলিম শিকদার ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। রাতে মুক্তিপণের টাকা সেলিম শিকদারের হাতে তুলে দেওয়ার পর বাদল শিকদারকে সাপলেজা গ্রামের সিরাজ খানের বাড়ির কাছে ফেলে রেখে যায় অপহরণকারীরা। বাদল শিকদার অভিযোগ করেন, ‘ফরাজীরহাটের কাছ থেকে অপরিচিত ব্যক্তিরা আমাকে মোটরসাইকেলে তুলে চোখ-মুখ বেঁধে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করা হয়। রাত ১০টার দিকে ওরা আমাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। সেলিম শিকদার আমার স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ নেওয়ায় আমরা তাঁকে মামলার আসামি করেছি।’অপহরণের পর বাদল শিকদারের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সেলিম শিকদার।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, আদালতের আদেশ এখনো থানায় এসে পৌঁছেনি। আদেশটি পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।