কৃষককে কুপিয়ে হত্যা
বিরোধপূর্ণ জমির গাছের আম পাড়াকে কেন্দ্র করে যশোরের অভয়নগর উপজেলায় গতকাল শনিবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন মোল্লা (৩৮)। আহত দুজন হলেন তাঁর বাবা আবদুল মালেক মোল্লা (৭০) ও স্ত্রী রাজিয়া বেগম (২৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি পুড়াখালী গ্রামে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, জমিজমা নিয়ে সৎভাই শাজাহান আলী মোল্লার (৪৮) সঙ্গে কামাল হোসেন মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানের নেতৃত্বে তাঁর ছেলে খলিল মোল্লা (২০) ও শামীম মোল্লা (১৬) এবং ভাগনে হবিবর সরকার (৪০) ও নিজাম সরকার (৩২) বিরোধপূর্ণ জমিতে থাকা গাছে আম পাড়তে যান। এ সময় কামাল হোসেন, আবদুল মালেক ও রাজিয়া বেগম তাঁদের বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে খলিল, শামীম, হবিবর ও নিজাম দা দিয়ে কামাল, আবদুল মালেক ও রাজিয়াকে উপর্যুপরি কোপান। আহত অবস্থায় তাঁদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে একটার দিকে কামাল মারা যান।
নিহত কামাল হোসেন মোল্লার চাচাতো ভাই মোস্তফা মোল্লা বলেন, কিছুদিন আগে আবদুল মালেক মোল্লা ছোট ছেলে কামাল হোসেনকে কিছু জমি লিখে দেন। এতে বড় ভাই শাজাহান ক্ষুব্ধ ছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, শাজাহান আলী মোল্লা, তাঁর ছেলে ও ভাগনেরা পলাতক রয়েছেন। তাঁদের ধরার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।