কৃষককে কুপিয়ে হত্যা দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইভাকুড়ি গ্রামে রুস্তম আলী (৫৮) নামের এক কৃষককে গত শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গতকাল রোববার কুমিল্লার হোমনা উপজেলায় কোহিনূর বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ এবং নরসিংদী সদর উপজেলায় মিলন মিয়া ওরফে মিলি (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইভাকুড়ি গ্রামের রুস্তম আলী দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী প্রায় ২০ বছর আগে মারা যান। প্রথম ঘরে দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রী মিনা বেগমের ঘরে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে কলহ লেগে থাকত। কলহের কারণে রুস্তম কোনো ছেলেকে জমিজমা দেননি। এটা কোনো পক্ষের ছেলেই মেনে নেননি। চলতি মৌসুমে রুস্তম জমির ধান কেটে বাড়ির পাশে স্তূপ করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। নিজ বাড়ির পাশে ধান পাহারা দেওয়ার জন্য চাটাইয়ের বেড়া দিয়ে ধানের স্তূপের পাশেই ঘুমাচ্ছিলেন তিনি। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
রুস্তমের প্রথম পক্ষের ছেলে করিম মিয়া বলেন, ভাইদের কলহের জন্য বাবা কাউকে জমি দেননি। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে মিনা বেগমের দুই ছেলে ও তিন ভাই মিলে নির্মমভাবে কুপিয়ে বাবাকে হত্যা করেন। এ ঘটনায় তিনি গতকাল রোববার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনা বেগম ও তাঁর ভাই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী: গতকাল সকালে সদর উপজেলার রাজাদী এলাকার একটি কলাবাগান থেকে মিলন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মিলন শহরের রাঙ্গামাটিয়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, শনিবার রাত নয়টার দিকে মিলনকে তাঁর কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মিলনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লার হোমনা উপজেলা সদরের একটি বাড়ি থেকে গতকাল সকালে গৃহবধূ কোহিনূর বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর স্বামী এনজিও কর্মকর্তা জুরমত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কোহিনূর জুরমত আলীর প্রথম স্ত্রী এবং তাঁদের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। হোমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে, কোহিনূরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।