বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক কৃষককে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিমগাছি গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম হোসেন সাকিদার (৫০)। তিনি নিমগাছি গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল হাকিম ধুনট থানায় গতকাল শনিবার একটি হত্যা মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে হোসেন সাকিদার তাঁর ছেলে আবদুল হাকিমের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটায় দুর্বৃত্তরা কৌশলে দরজা ফাঁক করে ভেতরে ঢুকে হোসেন সাকিদারকে জবাই করে হত্যা করে। এ সময় গোঙানির শব্দ শুনে আবদুল হাকিম, হোসেন সাকিদারের স্ত্রী জাহানারা ও মেয়ে হাসনা খাতুন জেগে উঠলে দুর্বত্তরা পালিয়ে যায়। নিহতের ছেলে আবদুল হাকিম অভিযোগ করেন, প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাকের সঙ্গে ১০ শতক জমি নিয়ে তাঁর বাবার (হোসেন সাকিদার) আট বছর ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আবদুর রাজ্জাকসহ আটজনকে আসামি করে ধুনট থানায় হত্যা মামলা করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশ গতকাল বেলা ১০টায় হোসেন সাকিদারের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।