কৃষককে ডেকে নিয়ে বিএসএফের নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রাম এলাকার ময়নাল হোসেনকে (৬০) ডেকে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের নগর গ্রামে ডেকে নিয়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে ময়নাল হোসেনের মেয়ে জাহানারা আক্তার বলেন, বুড়িচং উপজেলার উত্তর গ্রাম এলাকার ময়নাল হোসেন গতকাল সকালে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পশ্চিমে নিজের ধানি জমি দেখতে যান। ওই সময় ত্রিপুরা রাজ্যের নগর গ্রাম এলাকায় টহলরত বিএসএফের একজন সদস্য তাঁকে ডেকে নিয়ে যান।
এরপর কোনো কারণ ছাড়াই ময়নালকে বন্দুকের নল দিয়ে আঘাত করা হয়। একই সঙ্গে পায়ের বুট দিয়ে সারা শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধ হলে বিএসএফের ওই সদস্য তাঁকে ফেলে রেখে পালিয়ে যান। এলাকাবাসী ময়নালকে উদ্ধার এবং দুপুরে তাঁকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, ময়নাল হোসেন শয্যায় কাতরাচ্ছেন। তাঁর বাঁ গালে খোঁচানোর দাগ রয়েছে। বুকের বাঁ পাশে কাটা। প্রায় পুরো শরীর থেঁতলানো।’