কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামে শহীদুল ইসলাম (৫৩) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রাম্য মাতবরদের নির্দেশে স্থানীয় একদল যুবক তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শহীদুলের স্ত্রী রসিলা বেগম বাদী হয়ে গতকাল বুধবার আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রাম্য মাতবর মোজামেঞ্চল হোসেন ও তাঁর দুই ছেলেসহ ১১ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এজাহারভুক্ত আসামি ও তাঁদের পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।
এলাকার বেশ কয়েকজন জানান, সাত বছর আগে ওই গ্রামের আপিল উদ্দিনের কাছ থেকে প্রতিবেশী ছোটবুড়ো ৯৫ হাজার টাকায় মৌখিকভাবে আড়াই কাঠা জমি কেনেন। সম্প্রতি ওই জমিতে একটি গুদামঘর তৈরি করেন ছোটবুড়ো। কিন্তু দীর্ঘদিনেও জমিটি নিবন্ধন (রেজিস্ট্রেশন) করে না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
বিষয়টি নিষ্পত্তি করতে মঙ্গলবার রাত আটটায় ওই গ্রামের উত্তরপাড়া মোড়ে আরশাদের দোকানের সামনে সালিস বৈঠক বসে। সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও গ্রাম্য মাতবর মোজামেঞ্চল হোসেন সালিসে নেতৃত্ব দেন। সালিসের একপর্যায়ে আপিল উদ্দিনের দুই ছেলে সাদ আলী ও হোসেন আলী ওই জমি বাবদ ছোটবুড়োর কাছে আরও দুই লাখ টাকা দাবি করলে সালিস পন্ড হয়ে যায়। এ সময় মাতবরদের নির্দেশে উপস্থিত ১০ থেকে ১২ জন যুবক ওই দুই ভাইকে ধাওয়া করেন। তাঁরা ভয়ে দৌড়ে পালান। মাতবররাও তাঁদের পিছু পিছু যান।
একপর্যায়ে ওই যুবকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সাদ আলীর চাচাতো ভাই শহীদুলের বাড়িতে ঢুকে দুই ভাইকে খুঁজতে থাকেন ও গালাগাল করেন। শহীদুল যুবকদের বাড়ির বাইরে যেতে অনুরোধ করেন। এতে মাতবররা ক্ষিপ্ত হয়ে শহীদুলকে পেটানোর নির্দেশ দিলে যুবকেরা বাড়ির উঠানেই তাঁকে পিটিয়ে হত্যা করেন। এ সময় বাধা দিতে গেলে শহীদুলের বড় ভাই আবদুর রহিম (৫৫) এবং তাঁর দুই ছেলে জাহিদুল (২৫) ও সাইদুলকে (২২) পিটিয়ে আহত করেন যুবকেরা।
রসিলা বেগম বলেন, জমি নিয়ে চাচাতো দেবরদের সঙ্গে বিরোধ অথচ তাঁর নিরপরাধ স্বামীকে হত্যা করা হয়েছে।
গতকাল সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকেও তাঁর বাড়িতে পাওয়া যায়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।