কৃষককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌরশহরের চন্দনগাতী গ্রামে গত রোববার রাতে কৃষক নজরুল ইসলামকে (৫০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মনোয়ারা বেগম বলেন, ‘জমিজমা ও পূর্বশত্রুতার জের ধরে আমার দেবর লিয়াকতের সঙ্গে একটি মামলা চলছিল। সম্প্রতি তারা জামিনে বের হয়ে এসে নানাভাবে হুমকি দিচ্ছিল।অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে মামলাসংক্রান্ত বিষয়ে রোববার সন্ধ্যার দিকে আমি থানায় যাই। থানা থেকে রাতে ফিরে আসি এবং দেখতে পাই, আমার স্বামীকে বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিপক্ষের লোকজনই আমার স্বামীকে হত্যা করার পর গাছে ঝুলিয়ে দিয়েছে।’বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।