কৃষককে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবের উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়া হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর সাবেক ভগ্নিপতি মো. মাসুদ মিয়া। গত মঙ্গলবার মাসুদ মিয়া তাঁর জবানবন্দিতে বলেন, পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনিসহ কয়েকজন দুলালকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে দুলাল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে সারা রাত তিনি বাড়িতে ফেরেননি। পরদিন দুপুরে স্থানীয় বৌলা বিলে তাঁর লাশ পাওয়া যায়। পরদিন এ ঘটনায় দুলালের বড় ভাই মোজাম্মেল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। দুলাল ভালুকবের উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামেলী বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভালুকবের উত্তরপাড়া গ্রামের মো. মাসুদ মিয়াকে গত সোমবার গভীর রাতে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ খুনের কথা প্রকাশ করেন। তা ছাড়া তিনি এ ঘটনায় জড়িত আরও পাঁচজন জড়িত বলে জানান। মাসুদকে গত মঙ্গলবার বিকেলে দুলাল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের আমলি আদালতের বিচারক হাকিম মো. রফিকুল ইসলাম বারীর আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ জামেলী বলেন, দুলাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তিনি।