কৃষককে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঠানপাড়া গ্রামের কৃষক হাসেন আলীকে (৪৩) হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কলমাকান্দা উপজেলার চারুলিয়া মাইজপাড়া গ্রামের মো. মফিজ খাঁ (৪২) ও মো. ধান শরিফ (১৮)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য নয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সকালে হাসেন আলী তাঁর স্ত্রী শামছুন্নাহার বেগমকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। শত্রুতার জের ধরে সকাল আটটার দিকে কাওয়াডহর এলাকায় মফিজ তাঁর লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে হাসেনের ওপর হামলা চালান। গুরুতর আহত হাসেনকে ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ ডিসেম্বর বিকেলে তিনি মারা যান।