কৃষকদের অনুপস্থিতিতে সাফল্যের সাফাই
জিনগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত বিতর্কিত বিটি বেগুন চাষে সফলতা এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিএআরআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়। সেখানে বেগুন চাষে সফলতা দেখাতে লিখিত বক্তব্যের বাইরে দুটি ভিডিও চিত্র দেখানো হয়। তবে বিটি বেগুন চাষের সঙ্গে যুক্ত কোনো কৃষক সেখানে উপস্থিত ছিলেন না।
এর আগে একই স্থানে গত বছরের ৭ সেপ্টেম্বর বিটি বেগুন চাষে সফলতার কথা জানাতে এক সংবাদ সম্মেলন করে বিএআরআই। সেখানে বিটি বেগুনের চাষ করেছিলেন এমন ১৬ জন কৃষককে হাজির করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন বলেছিলেন, তাঁরা এ বেগুন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কেউ কেউ এর জন্য ক্ষতিপূরণও চেয়ে বসেন। দুজন কৃষক বলেছিলেন, তাঁরা লাভবান হয়েছেন। বাকিরা কিছু বলেননি।
গতকালের সংবাদ সম্মেলনে কৃষকদের না রাখা সম্পর্কে বিএআরআইয়ের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গত বছর তো মাত্র ২০ জন কৃষক ছিল। এ বছর ১০০ জনের মধ্যে কাকে রেখে কাকে আনব, এটা ভেবে আনা হয়নি।’
এর আগে লিখিত বক্তব্যে মো. রফিকুল ইসলাম মণ্ডল বলেন, এ বছর রবি মৌসুমে ১৯টি জেলায় ১০৮ জন কৃষককে বিটি বেগুনের চারা চাষের জন্য দেওয়া হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সব জেলাতেই নন-বিটি বেগুনের চেয়ে বিটি বেগুনের ফলন অনেক ভালো হয়েছে। প্রতিটি জেলায় কৃষকেরা বিটি বেগুন চাষ করে লাভবান হয়েছেন। নন-বিটির চেয়ে বিটি বেগুন গড়ে ৬৬ থেকে ১০০ শতাংশ বেশি ফল দিয়েছে।
বিএআরআইয়ের মহাপরিচালক আরও বলেন, এ ‘সাফল্যের’ পরিপ্রেক্ষিতে চলতি বছরই বিটি বেগুনের নতুন তিনটি জাত ‘সিংনাথ’, ‘দোহাজারী’ ও ‘খটখটিয়া’ অবমুক্ত করার জন্য আবেদন করা হচ্ছে। আগামী রবি মৌসুমে ২০০ জন কৃষককে বিটি বেগুনের চারা চাষের জন্য দেওয়া হবে।
তবে বিটি বেগুন চাষে মহাপরিচালকের সফলতার বক্তব্যে ভিন্নমত পোষণ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত দুজন সাংবাদিক। পাঁচ জেলার অন্তত ১২টি প্রকল্প এলাকা ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, মাঠগুলো পরিদর্শনকালে অনেক কৃষকই বলেছেন, তাঁরা বিটি বেগুন চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চারার বয়স তিন মাস হতেই সেগুলো মরতে শুরু করে। এ ছাড়া গাছে থাকতেই ফলে পচন ধরা এবং শক্ত হয়ে যাওয়ার সমস্যাও রয়েছে।
সাংবাদিকদের এ বক্তব্যের জবাবে সেখানে উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, সমস্যাগুলোর কথা আগে জানালে ভালো হতো। বিষয়টি খতিয়ে দেখা হবে।
২০০৪ সালে মার্কিন কোম্পানি মনস্যান্টোর সহযোগিতায় ভারতের মহারাষ্ট্র হাইব্রিড বীজ কোম্পানি-মাহিকো ও বিএআরআই বাংলাদেশের নয়টি বেগুনের জাতে বিটি জিন সংযুক্ত করে। স্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশের জন্য বিটি বেগুন ঝুঁকিপূর্ণ অভিযোগ তুলে দেশের পরিবেশবাদী সংগঠনগুলো এই বেগুনের বীজ ছাড় না দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এর মধ্যে ২০১৩ সালের ৩০ অক্টোবর দেশের প্রথম জিএম (জেনেটিক্যালি মোডিফাইড) ফসল বিটি বেগুনের বীজ অনুমোদন দেয় সরকার।
এর আগে ২০১০ সালে ভারত সরকার ও ২০১৩ সালে ফিলিপাইনের একটি আদালত বিটি বেগুন গবেষণার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।