কৃষকদের ওপর হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় পাঁচজন কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের কৃষক প্রদীপ চন্দ্র বিশ্বাস অভিযোগ করে বলেন, স্থানীয় উটমা গ্রামের প্রভাবশালী সাগর চৌধুরী, সুমন মিয়া ও মামুন হোসেনের নেতৃত্বে একদল যুবক তাঁদের ইরি ও বোরো ধানের জমি থেকে দীর্ঘদিন ধরে জোর করে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল। গতকাল সকালে সাগরের নেতৃত্বে আবারও মাটি কাটা শুরু হলে স্থানীয় কৃষকেরা তাতে বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা পাঁচজনকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। তদন্ত চলছে।ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক থাকায় তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।