কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্ট যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর মাস্টার, জাহাঙ্গীর মণ্ডল, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে হাটবাজারে ধানের প্রচুর আমদানি থাকলেও কোনো ক্রেতা নেই। ক্রেতার অভাবে কৃষকেরা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে ধান চাষ করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই ওঠে না। তাই অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এবার জেলার সাত উপজেলায় ৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কিন্তু জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ হাজার মেট্রিক টন। তাই সব কৃষকের ধান কেনা সম্ভব হবে না। তিনি আরও বলেন, অনিয়ম করার সুযোগ নেই। এবার ধান বিক্রির পর কৃষকের ব্যাংক হিসাবে টাকা জমা হবে।