কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি
সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে গতকাল বুধবার রংপুর খাদ্য ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বেলা সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে শালবনে অবস্থিত খাদ্য ভবন ঘেরাও করে। সেখানে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা অবস্থান করে খাদ্য ভবনের সামনে সমাবেশ করেন।
ওই সমাবেশে বক্তারা বলেন, কৃষকেরা ধান ফলান। কিন্তু তাঁরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে ন্যায্যমূল্য মণপ্রতি ৯২০ টাকা নির্ধারণ করা হলেও সরাসরি বিক্রি করতে না পারায় কৃষকেরা এই দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকনেতা চন্দন ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক আবদুল জলিল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক মমিনুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদাত হোসেন ও বাসদের জেলা আহ্বায়ক আবদুল কুদ্দুস।
সমাবেশ শেষে দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা খাদ্য কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।