কৃষকদের ক্ষতিপূরণ দিল বিমানবাহিনী
যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ধানখেতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবাহিনী কর্তৃপক্ষ যশোরের মতিউর রহমান বিমানঘাঁটিতে ক্ষতিপূরণের টাকা দেয়।
৭ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ধানখেতে আছড়ে পড়ে। বিমানটি দেখার জন্য হাজার হাজার উত্সুক মানুষ ধানখেতে ভিড় করে। এতে সদ্য রোপণ করা বোরোধান ও সেচনালার ক্ষতি হয়। মাঠপর্যায়ে জরিপ করে ওই ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক শেখ হেমায়েত হোসেন প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাহিদিয়া মাঠের ৩১ জন কৃষকের ছয় বিঘা জমির বোরোধান ও খেতের সেচনালার ক্ষতি হয়। মাঠপর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেই ওই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর সাঈদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক শেখ হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।