কৃষকদের জন্য পল্লি ব্যাংক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গ্রামের কৃষকেরা যাতে সহজে টাকা লেনদেন করতে পারে, সে জন্য সরকার পল্লি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে আউশ প্রণোদনা বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এখন গ্রামের মানুষের হাতে টাকা থাকে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতাসহ সরকারের নানা রকম সহায়তা পায়। তাই তারা এখন সঞ্চয় করতে পারে।
মতিয়া চৌধুরী বলেন, শিগগিরই কৃষি কার্ড নবায়ন করার কাজ শুরু হবে। বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় মানুষের ভাগ্যের ও দেশের উন্নয়নের জন্য, দেশের সম্পদ লুটপাটের জন্য নয়। বিগত চারদলীয় জোট সরকার এ দেশে শুধু লুটপাট চালিয়েছেন। সত্যিকার অর্থে দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। তাই বাংলার মানুষ পুনরায় আওয়ামী লীগকেই ক্ষমতায় বসিয়েছে।
কৃষিমন্ত্রী ৭৯০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনার ১০ লাখ ৩৫ হাজার ১৭৫ টাকার সার, বীজ ও সেচসহায়তা দেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় প্রতিবন্ধীদের মাঝে ১১টি হুইল চেয়ার, চারটি এতিমখানার জন্য এক লাখ ৯৫ হাজার ৮৪০ টাকার চেক, প্রাকৃতিক দুর্যোগ ও বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৯৮টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং উপজেলার কাপাশিয়া আইসিএম কৃষি ক্লাবকে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেন।