কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় বীজ ধান উৎপাদনকারী কৃষকদের ৯৮ হাজার টাকা প্রণোদনা হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল শনিবার এ ঘোষণা দেন তিনি।
ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদে কিছু টাকা কৃষকদের জন্য আগে থেকেই বরাদ্দ ছিল, তবে ওই টাকা কোন খাতে ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা ছিল না। আজ (গতকাল শনিবার) প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন পড়ে কৃষকের সাফল্যের কথা জেনে ওই টাকা লাল মিয়াসহ অন্য বীজ উৎপাদনকারীদের প্রণোদনা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, ৯৮ হাজার টাকা থেকে বোরো ধানের বীজ প্রক্রিয়াজাত করতে লাল মিয়াসহ অন্য কৃষকদের বস্তা সেলাই করতে দুটি মেশিন, ৪০টি ত্রিপল এবং পলিথিনযুক্ত ২০০ বস্তা এ বছর দেওয়া হবে।
গতকাল প্রথম আলোতে ধানের বীজ উৎপাদনে লাল মিয়ার সাফল্যের বিষয়ে ‘হোমনার আদর্শ কৃষক লাল মিয়া’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।