কৃষকদের জমির মাটি কেটে নেওয়ায় সোনারগাঁয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরের কৃষকদের ফসিল জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে ছয় গ্রামের বাসিন্দারা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন৷
ছয় গ্রামের কয়েক শ বাসিন্দা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ শেষে
শুরু হয় মানববন্ধন। পরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে৷ এরপর ইউএনও এবং ওসি বিক্ষোভকারীদের ডেকে এনে অবৈধ বালু উত্তোলনকারী আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান৷
কৃষকেরা বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরের ভাটিবন্দর, জিয়ানগর, ছোট চর, ভুরবুড়িয়া, কান্দারগাঁও ও ঝাউচর গ্রামের পাশ থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতারা কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন৷ খননযন্ত্রের সাহায্যে মাটি কেটে নেওয়ার কারণে কৃষকদের কয়েক শ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে৷
এ ছাড়া গ্রামবাসীর শতাধিক বাড়িঘর ভেঙে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে৷ গ্রামবাসী ইতিমধ্যে বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক, ভূমিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাদের চাপে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন৷
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেন বলেন, ‘স্থানীয় প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কারণ, অবৈধ বালু উত্তোলনকারীরা শাসক দলের সমর্থক। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’
কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্দোলন করায় ইতিমধ্যে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক হয়রানিমূলক মামলা করা হয়েছে৷
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের নাম ব্যবহার করে কিছু লোক কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছে, এ কথা সত্য৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে৷’
ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক বলেন, পুলিশ গ্রামবাসীর বিরুদ্ধে কোনো মামলা দেয়নি৷ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘একাধিকবার অভিযোগ পেয়েছি৷ ইতিমধ্যে অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দ করাসহ অবৈধ বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়েছে৷’