কৃষকদের ঠকাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষিভিত্তিক ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কৃষকদের ঠকানোর কোনো চেষ্টা করা হলে সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করবে না। সততার সঙ্গে ব্যবসা করলে কৃষকের সঙ্গে ব্যবসায়ীদের লাভও নিশ্চিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তৃতীয় অ্যাগ্রো বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এই মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এই মেলায় বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি, কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কৃষিঋণ প্রদানকারী ব্যাংকগুলো অংশ নিচ্ছে।আয়োজকেরা জানান, এবারের মেলার প্রতিপাদ্য ‘কৃষিতে উন্নতি, আধুনিক প্রযুক্তি’। কৃষির সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও ব্যক্তিদের নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই মেলার উদ্দেশ্য।বীজ ব্যবসায়ীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘প্রথমবার আপনারা ভালো বীজ নিয়ে আসেন। এর ফলে কৃষকের আগ্রহ তৈরি হয়। এরপর নিয়ে আসেন বস্তাঝাড়া বীজ। মার খায় কৃষকের ফসল।’ তিনি এই চর্চা বাদ দেওয়ার আহ্বান জানান। মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, তাইওয়ান, চীন, জাপান, তুরস্ক ও যুক্তরাজ্যের ৬৫টি প্রতিষ্ঠানের ১৬০টি স্টল স্থান পেয়েছে।