কৃষকদের দুশ্চিন্তায় আমনের চারাসংকট
বন্যার পানি নেমে যাচ্ছে। উঁচু জমিগুলো জেগে উঠছে। এসব জমিতে ঘাস, কচুরিপানা ও বিভিন্ন আগাছা জমে আছে। দরিদ্র কৃষকেরা ইতিমধ্যে আগাছা পরিষ্কারে লেগে পড়েছেন। কিন্তু তাঁদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমনের চারাসংকট।
গতকাল শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর গ্রামে গিয়ে দেখা যায়, চিলমারী সড়কের পাশে জমি থেকে আগাছা টেনে তুলছেন জোলেখা বেগম। মেয়ে মুক্তি আখতার মাকে সহযোগিতা করছে। সে গোড়াই পাঁচপীর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কাজ করতে করতে জোলেখা বলেন, ‘স্বামী ভ্যানচালক আবদুল মজিদ ভ্যান নিয়ে উলিপুর গেইছে। গরিব মানুষ কামলা নিবার পাই না। মা ও বেটি জমি পরিষ্কার করবার নাগি পড়ছি। আমন ধানের রোয়া নাগামো। এই ১০ শতক জমি আদি নিছি গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে। আবাদ করি অর্ধেক ভাগ দেওয়া নাগবে। রোয় ধান তলে গেইছে। কেনা নাগবে। যে দাম। পাওয়া যায় না। মানুষটাক কইছি য্যাটে থাকি পারেন চারা কিনি আনো।’
পাশেই যমুনা কামারপাড়া গ্রাম। গ্রামের সড়কের দক্ষিণ দিকে গলাপানি। উত্তর দিকে অনেকটা পানি কমে গেছে। জমিতে চারা লাগাচ্ছেন কয়েকজন কৃষক। তদারকি করছেন রেখা বেগম। জমির আইলে দাঁড়িয়ে কথা হয় রেখার সঙ্গে। তিনি বলেন, ‘স্বামী সাইদুল ইসলাম দ্বিতীয় বিয়া করি বউ নিয়া ঢাকাত থাকে। জমি কোনা গ্রামের চুনা মিয়ার। তাঁর কাছ থাকি আদি নিছি। আজকা কেবল সাইত করলাম। তবে ভয় নাগবার নাগছে। মানষে কওয়াকইয়ি করবার নাগছে, ফির বলে বান আসবে। তা হইলে পথে বসমো।’
উত্তর পাশে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন কৃষক আবদুস সোবান। তিনি বলেন, এই পানি কমতে সময় লাগবে। জমি তৈরি করার পর চারা পাওয়া যাবে না। এবার চারার খুব সংকট হবে। একই গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি ২০ শতক জমিতে চারা লাগিয়েছিলেন। সবই নষ্ট হয়ে গেছে। গত শুক্রবার ফরকেট হাট থেকে চারা কিনে এনেছেন।
চিলমারীর ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের সাজু মিয়া জমিতে পানির মধ্যে চারা লাগাচ্ছেন। আশপাশে নিপেন, আ. ছামাদ, উপেনের জমি। সবাই বললেন, চারা পাওয়া যায় না। আর নতুন করে বন্যার আশঙ্কা তো আছেই।
ঠকপাড়ার কৃষক বেলাল ও আতেক আলী বলেন, তাঁদের সব শেষ হয়ে গেছে। পানি বেশি দিন ছিল। এখন কী করবেন, সেই চিন্তায় পড়েছেন। সরকার চারা না দিলে অর্ধেক জমি অনাবাদি পড়ে থাকবে। বজরা ইউনিয়নের তবকপুর মাইজডাঙ্গা গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম বলেন, তিনি তিন বিঘা জমিতে চারা লাগিয়েছিলেন। সব শেষ হয়ে গেছে। এখন অপেক্ষায় আছেন, পানি কমলে স্বর্ণা ও পানিশাল ধানের চারা লাগাবেন।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, নতুন করে বন্যা না হলে কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে সবজি ও ধানের চারা করা হয়েছে। এসব চারা দিয়ে ৪ হাজার ৪০০ হেক্টর জমিতে আবাদ করা যাবে।