কৃষকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো বীজের মূল্য নতুন করে নির্ধারণের আশ্বাসের পর চুয়াডাঙ্গায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন কৃষকেরা। গতকাল শনিবার থেকে তাঁরা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে আবার বীজ বিক্রি শুরু করেছেন। বীজ ক্রয় নিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া অচলাবস্থা নিরসন করতে বিএডিসির চেয়ারম্যান নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল চুয়াডাঙ্গা সফর করে। প্রতিনিধিদলে ছিলেন সংস্থার পরিচালক মো. নুরুজ্জামান ও বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন।প্রতিনিধিদলের সদস্যরা চুয়াডাঙ্গায় বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন ও আপত্কালীন ক্রয়কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা কৃষক প্রতিনিধি ও বিএডিসির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেন।বিএডিসির চেয়ারম্যান নাজমুল হাসান এ সময় কৃষকদের আশ্বস্ত করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বীজের নতুন ক্রয়মূল্য ধার্য করা হবে। তবে তিনি বলেন, ‘বিএডিসি বেশি দামে বীজ কিনলে তার প্রভাব কৃষকের ওপরই পড়বে। কৃষকেরাই ক্ষতিগ্রস্ত হবে। কেননা, ওই বীজ পরে কৃষকদের কাছেই বিক্রি করা হবে।’চেয়ারম্যানের আশ্বাসের পর বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ কৃষকেরা গতকাল দুপুরেই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।বীজের মূল্য প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণের দাবিতে চুয়াডাঙ্গায় বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ ১০ হাজার কৃষক গত মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছিলেন।