নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচটি গ্রামের কৃষকদের কয়েক শ বিঘা ইরি ও বোরো ধানের জমির মাটি সন্ত্রাসী চক্র জোরপূর্বক কেটে ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় গতকাল বুধবার কৃষকেরা আমরণ অনশন ও সড়ক অবরোধসহ চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন।স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র ক্ষমতাসীন দলের নামে উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা, পেরাব, সিংলাব, রাউতগাঁও ও পাকুন্দা গ্রামের কয়েক হাজার কৃষকের ইরি ও বোরো ধানের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে স্থানীয় দুটি ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। সন্ত্রাসীরা ইতিমধ্যে কৃষকদের ৩০০ বিঘা জমির মাটি কেটে নিয়ে গেছে। জমি থেকে মাটি কেটে নেওয়ার ব্যাপারে গত ১২ ডিসেম্বর কৃষকদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। আদালত এ রিটের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই এলাকার কৃষকদের জমি থেকে মাটি কাটা বন্ধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। তবে হাইকোর্টের এ নির্দেশ অমান্য করেই মাটি কাটা অব্যাহত রয়েছে। প্রতিবাদে কৃষকেরা গতকাল বুধবার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। কৃষকদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ১৬ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, ১৭ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৮ জানুয়ারি মাটি কাটার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পরে আমরণ অনশন।কৃষকেরা জানান, সরকার ব্রিকস ও এফআরআর অটো ব্রিকস ইটভাটা দুটি মাটি কিনে ইট তৈরি করলেও তাদের কোনো লাইসেন্স নেই। এফআরআর ইটভাটার মালিকের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, অনুমোদনবিহীন ইটভাটাকে কোনো অবস্থাতেই ব্যবসা করতে দেওয়া হবে না।