কৃষকদের ফিরিয়ে দিয়ে ফড়িয়াদের গম ক্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ১১টি সরকারি খাদ্যগুদামে গম ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ক্রয় নীতিমালা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে গম কেনার কথা থাকলেও তা করা হচ্ছে না। নানা কারণ দেখিয়ে কৃষকদের ফিরিয়ে দিয়ে ফড়িয়াদের কাছ থেকে গম কেনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে সাত উপজেলার ১১টি খাদ্যগুদামে এক হাজার ৬০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২ মে থেকে গম সংগ্রহ শুরু হয়। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এর মধ্যে ১৪ মে পর্যন্ত ৬২৯ মেট্রিক টন কেনা হয়েছে। প্রতি কেজি গমের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। সরকারের ক্রয় নীতিমালা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে গম কেনার কথা। এ ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রকৃত কৃষকদের গুদামে গম বিক্রির স্লিপ দেবেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, এসব নিয়মকানুন জানেন না অনেক কৃষক। সরকারি খাদ্যগুদামে গম বিক্রি করা যায়—এমন কথাও তাঁদের জানা নেই। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের স্কুলশিক্ষক সাদেকুল ইসলাম অভিযোগ করেন, আর্দ্রতা বেশির কথা বলে কৃষকদের গম নেওয়া হয় না। অথচ সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতাসম্পন্ন গম কেনার কথা থাকলেও ফড়িয়াদের কাছ থেকে ১৮-২০ শতাংশ আর্দ্রতার গমও কেনা হচ্ছে। নতুন গমের পরিবর্তে কেনা হচ্ছে টিআর-কাবিখা প্রকল্পের উত্তোলন করা পুরোনো গম।খোঁজ নিয়ে জানা গেছে, গম কাটার মৌসুমে প্রতি কেজি ১৭-১৮ টাকায় বেচাকেনা হয়েছে। তখন সরকারিভাবে গম কেনা শুরু না হওয়ায় ফড়িয়া ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ১৭-১৮ টাকায় গম কিনেছেন। সাদুল্যাপুর উপজেলা কৃষক সমিতির সভাপতি কামরুল ইসলাম অভিযোগ করেন, প্রতি কেজিতে সাত-আট টাকা সরকারি দলের লোকজন, খাদ্য কর্মকর্তা ও ফড়িয়াদের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে।বনগ্রাম ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘আমাদের কাছে স্লিপ নিয়ে কৃষকদের গম বিক্রির কথা। কিন্তু আমি কৃষি কর্মকর্তা হয়েও এ বিষয়ে কিছু জানি না।’ নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ‘কৃষকদের কী দেব, সরকারি দলের লোকজন সব স্লিপ নিয়ে গেছেন।’সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ স্লিপ নিয়েছেন কি না, সেটা আমার জানা নেই।’ জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষি কর্মকর্তাদের তালিকা কিংবা স্লিপ দেখে গম কেনা হচ্ছে। মানসমঞ্চত গম হলে তা ফেরত দেওয়া হয় না। পুরোনো গম কেনার অভিযোগও অস্বীকার করেন তিনি।